টানা পাঁচ আসরের পর আবার ক্লাব বিশ্বকাপের শিরোপা ফিরে গেল দক্ষিণ আমেরিকায়। আরও স্পষ্ট করে বললে ব্রাজিলে। ফিফার ছয়টি মহাদেশীয় অঞ্চলের ছয় ক্লাব চ্যাম্পিয়নের এই টুর্নামেন্টের প্রথম তিন শিরোপাই জিতেছিল ব্রাজিলের তিন ক্লাব। এরপর টানা পাঁচবার ইউরোপের ক্লাবগুলো জেতার পর আবারও জিতল করিন্থিয়ান্স, প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এই টুর্নামেন্টে আসল লড়াইটা শেষ পর্যন্ত ইউরোপের সঙ্গে লাতিন আমেরিকারই হয়। সব মিলিয়ে নয়টি আসরে ইউরোপ ৫-৪-এ এগিয়ে থাকল। ফিফা ক্লাব বিশ্বকাপের পূর্বসূরি টুর্নামেন্ট ইন্টারকন্টিনেন্টাল কাপ। তখন অবশ্য ইউরোপ আর দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়নই খেলত একমাত্র ম্যাচে। ইন্টারকন্টিনেন্টাল কাপের ২৫ আসরে দক্ষিণ আমেরিকা ১৩-১২ ব্যবধানে এগিয়ে। ক্লাব বিশ্বকাপ আর ইন্টারকন্টিনেন্টাল কাপ একসঙ্গে হিসাব করলে আশ্চর্য এক সমতা। ১৭ বার চ্যাম্পিয়ন দক্ষিণ আমেরিকা, ১৭ বার ইউরোপ!