লাতিনিনার দুঃখ লাতিনিনার আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার মাইকেল ফেল্প্স তাঁর কাছে ‘দৈত্য’। তার ওপর ফেল্প্স আবার দাঁড়িয়ে পদকমঞ্চে। ফলে অনেকটাই ঝুঁকে আসতে হলো তাঁকে। নোয়াতে হলো মাথা। পরম মমতায় ফেল্পেসর গলায় সোনার পদকটি পরিয়ে দিলেন। ১৯ নম্বর অলিম্পিক পদকজয়ীর গলায় পদক পরিয়ে দিলেন ১৮টি পদক জেতা লারিসা লাতিনিনা! এ যেন রেকর্ডের হাতবদলেরও প্রতীকী এক দৃশ্য!না, শেষ পর্যন্ত এমনটা হয়নি। পরশু দুটি পদক জিতে লাতিনিনার রেকর্ড ভেঙে ফেলা ফেল্পেসর গলায় পদক পরিয়ে দিয়েছেন অন্য কেউ। তবে সোভিয়েত ইউনিয়নের সাবেক এই কিংবদন্তি জিমন্যাস্ট চেয়েছিলেন ফেল্পেসর গলায় পদক পরিয়ে দিতে। অ্যাকুয়াটিক সেন্টারে এদিন ফেল্পেসর সাঁতারও দেখতে এসেছিলেন। কিন্তু আইওসির নিয়ম নেই বলেই তাঁকে পদক দেওয়ার জন্য ডাকেনি লন্ডন অলিম্পিকের আয়োজকেরা। এই একটা দুঃখ আছে এই ৭৭ বছর বয়সীর। তবে ফেল্প্স রেকর্ডটা ভেঙে ফেলায় আনন্দও পাচ্ছেন, ‘৪৮ বছর ধরে আমার রেকর্ডটা টিকে ছিল। একটা রেকর্ড টিকে থাকার জন্য এটা যথেষ্ট সময়।’ ফেল্পেসর কাছে রেকর্ডটা সঁপে দিয়ে গর্ব হচ্ছে তাঁর, ‘এই রেকর্ডের যোগ্য দাবিদার ফেল্প্সই। ও সত্যিই অবিশ্বাস্য প্রতিভাধর এক ক্রীড়াবিদ।’লন্ডন অলিম্পিকের আগে লাতিনিনার রেকর্ড নিয়ে অনেক কথা হয়েছে। ফেল্প্স যে রেকর্ডটা থেকে ছিলেন নিঃশ্বাস-দূরত্বে। লাতিনিনা তখন মজা করেই পুরুষ শাসিত এই সমাজকে ব্যঙ্গ করেছেন। বলেছেন, আধাশতাব্দী আগেই নারীরা যা করে দেখিয়েছে, সেটাই এখন করছেন পুরুষেরা।ফেল্পেসর সঙ্গে পদকমঞ্চে না হলেও আগেই তাঁর দেখা হয়েছে। এ বছর নিউইয়র্কে দুজনের দেখা হয়। ওই সাক্ষাতে ফেল্প্সকে আগাম শুভকামনা জানিয়েছেন। নিজের প্রিয় একটা পদকও উপহার দিয়েছেন ফেল্প্সকে। মার্কিন এই সাঁতারু তখনই লাতিনিনাকে জানিয়ে দেন, এটাই তাঁর শেষ অলিম্পিক। যদিও তাঁর বয়স মাত্র ২৭। লাতিনিনা ফেল্পেসর সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন, ‘একজনের ততক্ষণ পর্যন্ত খেলা উচিত, যতক্ষণ সে এই খেলাটা উপভোগ করবে। উপভোগ আর না করলে তার উচিত হবে খেলাও ছেড়ে দেওয়া।’৯টি সোনা, পাঁচটি রুপা ও চারটি ব্রোঞ্জ—১৯৫৬ থেকে ১৯৬৪ অলিম্পিক পর্যন্ত এই ১৮টি পদক কুড়িয়েছেন লাতিনিনা। সর্বকালের অলিম্পিক কিংবদন্তিদের একজন তিনি। ওয়েবসাইট।