লামকে নিয়ে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপ লাম: আজ ফিরবেন চেনা রূপে? l রয়টার্স
ফিলিপ লাম: আজ ফিরবেন চেনা রূপে? l রয়টার্স

লোথার ম্যাথাউস, অলিভার কান, মাইকেল বালাকরা কোচ জোয়াকিম লোর কৌশল এবং দল নির্বাচন নিয়ে মহা ক্ষিপ্ত। নিজেদের ঠিকভাবে মেলে ধরতে না পারলেও মেসুত ওজিল, মারিও গোটশেদের ওপরই কেন লো ভরসা করছেন, বুঝতে পারছেন না। সেন্টারব্যাক জেরম বোয়াটেং এবং বেনেডিক্ট হুভেডেসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। সবচেয়ে বড় ক্ষোভটা অধিনায়ক ফিলিপ লামকে নিয়ে।
জার্মান অধিনায়ক মূলত রাইটব্যাক। কিন্তু বিশ্বকাপে প্রতি ম্যাচে লো তাঁকে খেলাচ্ছেন মিডফিল্ডার হিসেবে। কোচ লোর এই ভুল কৌশলের কারণেই জার্মানি ভালো খেলতে পারছে না বলে দাবি তাঁদের। বিশেষ করে আলজেরিয়ার সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দলের পারফরম্যান্সে চরম হতাশ ম্যাথাউস-কান-বালাকরা। বালাক তো বলেই দিয়েছেন, ‘গত কয়েক বছরে এটাই ছিল সবচেয়ে বাজে পারফরম্যান্স।’ বালাকের সঙ্গে সুর মিলিয়ে কান বলেছেন, ‘এই লাইনআপ কোনোভাবেই কাজ করছে না।’
আজ কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স। যাদের উজ্জীবিত পারফরম্যান্স দারুণ নজর কেড়েছে। ম্যাথাউস-কান-বালাকদের তাই শঙ্কা আজও লো একই পথে হাঁটলে চড়া মূল্যই দিতে হতে পারে দলকে! সংগত কারণেই প্রশ্নটা উঠছে, সাবেকদের কথায় কোচ লো কি তাঁর কৌশল বদলাবেন? অধিনায়ক লামকে ফিরিয়ে আনবেন তাঁর আসল পজিশনে? জার্মানির ডাই জাইট পত্রিকাকে লো পরিবর্তনের ইঙ্গিতই দিয়েছেন, ‘আমি এরই মধ্যে ফিলিপ লামের ভূমিকা নিয়ে মনস্থির করেছি। সাম্প্রতিক সময়ে লাম আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে এক দশকের বেশি সময় ধরে উচ্চপর্যায়ে খেলছে। তবে আমি তাকে তখনই শুধু রক্ষণে ফিরিয়ে আনব, যদি রাইটব্যাকে আমাদের কোনো সমস্যা দেখা দেয়।’
লামকে যেখানেই খেলান, লো একটা ব্যাপারে নিশ্চিত, ফ্রান্সের সঙ্গে অগ্নিপরীক্ষায় অবশ্যই জার্মানির খেলায় উন্নতি করতে হবে। আলজেরিয়া ম্যাচে দলের পারফরম্যান্সে তিনিও হতাশ। শিষ্যদের তাই তাড়না দিচ্ছেন, নিজেদের উজাড় করে দেওয়ার। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে আলজেরিয়ার ম্যাচ থেকে একটা ইতিবাচক দিকও খুঁজে নিচ্ছেন লো, ‘এ ধরনের টুর্নামেন্টে সব সময়ই এ রকম কিছু ম্যাচ যায়, যখন আপনাকে কঠোর লড়াইয়ের মুখোমুখি হতে হবে। বিশ্বকাপে এমন দু-একটি ম্যাচ আপনার দরকার আছে।’ ফ্রান্সের সঙ্গে দল ঘুরে দাঁড়াবে বলেই প্রতিশ্রুতি দিলেন লো, ‘এই ম্যাচে (ফ্রান্সের সঙ্গে) খেলাটা ভালো হবে।’ সেই লো-ই পরে শুনিয়েছেন একটা শঙ্কার কথা। একজন-দুজন নয়, জার্মানির সাত-সাতজন খেলোয়াড় ফ্লুতে আক্রান্ত। নাম না বললেও লো এটা জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের জ্বরের কারণে ফ্রান্সের বিপক্ষে লাইনআপ চূড়ান্ত করতে দেরি হচ্ছে, ‘সাতজন খেলোয়াড় কোনো না কোনোভাবে হালকা জ্বরে ভুগছে। তবে আশা করি তারা সবাই সুস্থ হয়ে উঠবে এবং ভালো করবে।’ তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।