লামিয়ার প্রধান নির্বাহী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লামিয়া এয়ারলাইনসকে শাপশাপান্ত করছে পুরো ফুটবল-বিশ্ব। শাপেকোয়েনস-ট্র্যাজেডির জন্ম যে তাদের বিএই-১৪৬ ফ্লাইটটির চালকের একগুঁয়েমির কারণেই। তবে শুধু অভিশাপ দেওয়া আর গালমন্দের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ নেই। লামিয়া এয়ারলাইনসের প্রধান নির্বাহীকে আটক করেছে বলিভিয়া কর্তৃপক্ষ।

প্রধান নির্বাহী গুস্তাভো ভারগাস আর লামিয়ার কপালে বেশ দুর্ভোগই হয়তো অপেক্ষা করছে। তাদের বিরুদ্ধে ‘মানুষ হত্যা’র মামলা হতে পারে বলে জানিয়েছেন বলিভিয়ার অ্যাটর্নি জেনারেল রামিরো গেরেরো। গুস্তাভো আর লামিয়ার অন্য দুই কর্মকর্তাকে আটক করে নিয়ে যাওয়ার পর প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

কলম্বিয়ার ক্লাব ন্যাসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রথম লেগের ম্যাচ খেলতে যাচ্ছিল ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনস। গন্তব্যের খুব কাছে গিয়ে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনার শিকার হয় দলটি। নিশ্চিহ্ন হয়ে যায় পুরো শাপেকোয়েনস দল। গত মাসের শেষ দিকের এ দুর্ঘটনায় ঝরে পড়ে ৭১টি তাজা প্রাণ। রয়টার্স।