লামের উত্তরসূরি শোয়েইনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ—সবই জিতেছেন আগে। শুধু বিশ্বকাপটাই হাতে তোলা বাকি ছিল ফিলিপ লামের।তৃতীয়বারের চেষ্টায় সেটাও ধরা দিল। সেই তৃপ্তি নিয়েই মাত্র ৩০ বছর বয়সে গত পরশু আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জার্মান অধিনায়ক।

কিছুটা বিস্মিত হলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন। শুরু হয়ে গেছে লামের উত্তরসূরি নিয়ে জল্পনা। সেপ্টেম্বরে ইউরোর বাছাইপর্ব শুরু, হাতে সময় থাকায় নতুন অধিনায়ক বেছে নিতে তাড়াহুড়োর কিছু নেই কোচ জোয়াকিম লোর। 

তবে যখনই হোক, লামের যোগ্য বিকল্প পাওয়া কঠিন বলছেন জার্মান কিংবদন্তি ও বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে। তাঁর কথা, ‘খেলোয়াড় বলুন কিংবা অধিনায়ক অথবা মানুষ, লামের কোনো বিকল্পই হয় না। এত তাড়াতাড়ি ও সরে যাবে ভাবিনি৷‌’

সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে সহ-অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগারকেই সবচেয়ে যোগ্য ভাবেন ১৯৯০ বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস। স্কাই স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে এ ব্যাপারে যুক্তিও দিয়েছেন ম্যাথাউস, ‘আমার মনে হয় না ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবার আছে। শোয়েইনিকেই (শোয়েনস্টাইগার) দায়িত্ব দেওয়া উচিত। অনেক দিন ধরেই সে দলের সহ-অধিনায়ক।’

বিশ্বকাপে জার্মান দলের অন্যতম মুখ হয়ে ওঠা মিডফিল্ডার শোয়েনস্টাইগার দারুণ জনপ্রিয় সতীর্থ ও প্রতিপক্ষের কাছে। অনেকে অবশ্য মনে করছেন অধিনায়ক হওয়ার জন্য বয়সটা এখন আর শোয়েইনির পক্ষে নেই। আগামী মাসে ত্রিশে পা দেবেন। দেশের হয়ে ১০৮টি ম্যাচ খেলা শোয়েনস্টাইগার গত দুই বছরে বেশ কয়েকবার চোটে পড়েছেন। এসব কিছু বিবেচনায় আরেকটু তরুণ কাউকে অধিনায়কের আর্মব্যান্ডটা দিতে পারেন লো। এএফপি।