লামের জায়গা নেবেন শোয়েনস্টেইগার?
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণাটা হুট করেই দিয়েছেন জার্মানির অধিনায়ক ফিলিপ লাম। বিশ্বকাপ জয়ের আনন্দ ফুরাতে না ফুরাতেই এখন পরবর্তী অধিনায়ক কে হবেন, সেটা ভাবতে হচ্ছে জার্মানির ফুটবলের নীতি-নির্ধারকদের।
বর্তমান সহ-অধিনায়ক বাস্তেইন শোয়েনস্টেইগারই লামের জায়গা নেবেন বলে ধারণা করছেন অনেকে। তবে বয়সটাই বাধা হয়ে দাঁড়িয়েছে শোয়েইনির জন্য। আগস্টের শুরুতেই ৩০ বছর পূর্ণ করবেন এই জার্মান মিডফিল্ডার। আর কয়েক বছর পর হয়তো তাঁকেও বিদায় নিতে হবে আন্তর্জাতিক ফুটবল থেকে। এই পরিস্থিতিতে অপেক্ষাকৃত তরুণ কোনো খেলোয়াড়ের হাতেই অধিনায়কত্বের বাহুবন্ধনি তুলে দেওয়ার কথা ভাবতে পারে জার্মান ফুটবল প্রশাসন।
আর তেমনটা হলে বেশ জোরেসোরেই উঠতে পারে ম্যাট হামেলস বা টমাস মুলারের নাম।এই মুহূর্তে অবশ্য লামের বিকল্প হিসেবে শোয়েনস্টেইগার ছাড়া অন্য কারও কথা ভাবতে রাজি নন জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিউস। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এটা নির্ধারণ করার জন্য খুব বেশিক্ষণ ভাবার দরকার নেই। আমি নীতিগত জায়গা থেকে বলছি যে, শোয়েনস্টেইগারই হবে নতুন অধিনায়ক। সে এখনই দলের সহ-অধিনায়ক।’
তবে লামের জায়গা নেওয়াটা যে খুব সহজ না, সেটা মনে করিয়ে দিয়েছেন জার্মানির আরেক কিংবদন্তি কার্ল-হেইঞ্জ রুমিনিগে, ‘একজন খেলোয়াড় হিসেবে, ব্যক্তি ও অধিনায়ক হিসেবে ফিলিপ লামের বিকল্প খুঁজে পাওয়া সহজ না।’
জার্মানির কোচ জোয়াকিম লো অবশ্য এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। লামের অবসরের সিদ্ধান্তটা শোনার পর প্রিয় শিষ্যকে শুধু প্রশংসাতেই ভাসিয়েছেন লো, ‘ফিলিপ একজন বিশ্বমানের খেলোয়াড়। সেটা সে ব্রাজিল বিশ্বকাপেও প্রমাণ করেছে। সে একজন আদর্শ পেশাদার ফুটবলার, যে দলের সাফল্যের জন্য সব কিছুই বিসর্জন দিতে রাজি থাকে।’— এএফপি