
ত্রিশ পেরিয়েছেন গত নভেম্বরে। রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত যদি খেলেনও, বয়স ৩৪ ছাড়িয়ে যাবে। তত দিন পর্যন্ত ফর্ম কেমন থাকে, দলে থাকেন কি না এসব প্রশ্ন তো আছেই। ফিলিপ লাম ও রকম অনিশ্চয়তার মধ্যে থাকতে চান না। ধরেই নিয়েছেন ব্রাজিলেই শেষ বিশ্বকাপটা খেলছেন। লক্ষ্যটাও তাই খুব স্পষ্ট জার্মান অধিনায়কের, ‘আমি সুযোগটা কাজে লাগাতে চাই। আবারও সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার কোনো ইচ্ছে নেই আমার, ব্রাজিলে শুধু রোদ পোহাতে যেতে চাই না। আমাদের লক্ষ্য পরিষ্কার, আর সেটা হচ্ছে চূড়ান্ত সাফল্য—বিশ্বকাপ ট্রফি।’
চতুর্থবারের মতো ট্রফিটা জার্মানির হাতে উঠতে পারত এক যুগ আগে ইয়োকোহামায়। সেবার জার্মানির স্বপ্নভঙ্গের কারণ লুইস ফেলিপে স্কলারির ব্রাজিল। কাছাকাছি গিয়েও হয়নি পরের দুবার । যে দুবারের ব্যর্থতার সাক্ষী লাম নিজেও। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ বিশ্বকাপে ব্যর্থতার যন্ত্রণাটাই হয়তো বেশি লামের কাছে। তারুণ্যনির্ভর যে জার্মান দলটা শুরু থেকেই দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত তৃতীয় হয়ে ফিরেছিল লাম ছিলেন সে দলের অধিনায়ক।
নেতৃত্বটা এখনো জার্মান ডিফেন্ডারের কাঁধেই। চার বছর আগের সেই তরুণ যোদ্ধারা এখন আরও অনেক পরিণত। ১৩ জুলাই মারাকানায় সোনালি ট্রফিটা উঁচু করে ধরার স্বপ্ন তো দেখতেই পারেন জার্মান অধিনায়ক, ‘ট্রফির জন্য আমাদের আকুলতা তো আছেই। সেটা জেতার জন্য যা দরকার সেসবেরও কমতি নেই।’
একটুও ভুল নয় কথাটা। দুর্দান্ত আক্রমণভাগ জার্মানির, মাঝমাঠ তো রীতিমতো তারার হাট। রক্ষণভাগে লাম নিজে তো আছেনই, সঙ্গে জেরোম বোয়াটেং, পার মার্টেসেকার, মার্সেল স্মেলজার, ম্যাট হামেলস। তবে আত্মসমালোচনায় কখনোই কার্পণ্য নেই জার্মান অধিনায়কের। বললেন, ‘আমাদের রক্ষণভাগটা আরও দৃঢ় করতে হবে। সাম্প্রতিককালে আমরা অনেক গোল খেয়েছি অথবা প্রতিপক্ষকে অনেক বেশি গোলের সুযোগ দিয়েছি।’ ইঙ্গিতটা সুইডেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচটার দিকে। ৫-৩ গোলে ওই ম্যাচে জার্মানি জিতলেও লাম-বোয়াটেংদের রক্ষণভাগ সেদিন খুলে গিয়েছিল সুইডিশ আক্রমণ সামলাতে গিয়ে। বিশ্বকাপে এমন কিছু হলে ঘটে যেতে পারে যেকোনো অঘটন। লামও তাই সতর্ক থাকতে চান আগে থেকে, ‘সেরা রক্ষণ গড়ে তুলতেই আমরা কাজ করছি। লাইনআপটা কী রকম হবে কোচ সেই পরিকল্পনা করছেন।’
সেই পরিকল্পনার একটা বড় অংশ লাম নিজেও। চোটের কারণে মৌসুমের শেষ দিকে ক্লাব বায়ার্নের হয়ে নিয়মিত খেলেননি। তবে বিশ্বকাপে লাম যে কোচ জোয়াকিম লোর বড় আস্থা হয়ে থাকবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা হতে পারে পুরোদস্তুর ডিফেন্ডার হিসেবে, অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। দেশের হয়ে ১০৫টি ম্যাচ খেলা জার্মান অধিনায়কও প্রস্তুত সেই আস্থার প্রতিদান দিতে, ‘বিশ্বকাপ শুরুর আগেই আমি চূড়ান্ত ফিট হয়ে যাব। তারপর সেরাটা দিতে চাই দলের জন্য।’
তাঁর কাছে একই প্রত্যাশা দুই যুগ ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা জার্মানিরও। ওয়েবসাইট।