তখন তাঁর বয়স কত? ১৩ বছরের স্বপ্নভুক কিশোর। বায়ার্ন মিউনিখের যুবদলে খেলেন। অপ্রত্যাশিতভাবে তাঁকে বেছে নেওয়া হলো ১৯৯৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বলবয় হিসেবে কাজ করার জন্য। মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে খুব কাছ থেকে দেখলেন এত বড় একটা ম্যাচ, বড় তারকাদের। আর দেখলেন উত্তেজনা, শিহরণ, গৌরব, হতাশা, আনন্দ-বেদনা। সেদিনের সেই কিশোর ফিলিপ লামের সামনে সুযোগ এসেছে খুব কাছ থেকে দেখা ট্রফিটাই হাতে তুলে নেওয়ার। আগামীকাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জিতলেই বায়ার্ন অধিনায়ক হিসেবে সবার আগে এই ট্রফি হাতে নেবেন তিনিই।বার্সেলোনা আর স্পেনে সবাই বুঁদ হয়ে ছিল, যে কারণে এর মধ্যে নতুনভাবে ফুটবল মানচিত্রে জার্মানি আর বায়ার্ন মিউনিখের উত্থানটা অনেকের নজরে পড়েনি। গত বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে জার্মানির তরুণ দল। বায়ার্নও কিন্তু গত তিন বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার উঠে এল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। গত নয় বছরে পাঁচটি বুন্দেসলিগাও জিতেছে এই দল। বলা হচ্ছে, বায়ার্নের দ্বিতীয় সোনালি প্রজন্ম এটাই। প্রথম সোনালি প্রজন্ম ছিল ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সময়। যখন ১৯৭৪ থেকে টানা তিন বছর চ্যাম্পিয়নস লিগ (তখনকার ইউরোপিয়ান কাপ) জিতেছিল বায়ার্ন!চতুর্থ ইউরোপ-সেরার ট্রফিটা অবশ্য এসেছে অনেক পর, ২০০১ সালে। এর পর আবারও এক দশকের বিরতি পড়ে গেল। অধিনায়ক লাম তাঁর সতীর্থদের কাছে তাই একটা বার্তাই পৌঁছে দিচ্ছেন, সত্যি সত্যিই সোনালি প্রজন্মের তালিকায় নাম লেখাতে চাইলে জিততে হবে বড় এই ট্রফি, ‘সোনালি প্রজন্ম হতে চাইলে আপনাকে অবশ্যই একটা আন্তর্জাতিক ট্রফি জিততে হবে।’ এটাকেই সেরা সুযোগ মনে করছেন এই ২৮ বছর বয়সী, ‘আপনি ফাইনালে উঠেছেন মানে অবশ্যই এই ট্রফি আপনি উঁচিয়ে ধরতে চাইবেন। আর (অধিনায়ক হিসেবে) সবার প্রথমে সেই ট্রফিটা ধরতে পারলে সেটি হবে আরও ভালো। তা ছাড়া ফুটবলের সেরা পর্যায়ে আমার আর বেশি দিনও বাকি নেই।’বায়ার্নের জন্য এটা ‘সেরা সুযোগ’, কারণ খেলাটা নিজেদের মাঠেই। হাতের তালুর মতো চেনা সেই মাঠে খেলা, স্বাগতিক দর্শকদের কান ফাটানো সমর্থনের সুবিধা তো আছেই। ফলে আগামীকাল লামের হাতে এই ট্রফি ওঠার ক্ষেত্রেই বাজির দর বেশি। সেটিই ঠিক প্রমাণিত হলে সেই বলবয় হয়ে যাবেন ইউরোপ-সেরার ট্রফি জেতা অধিনায়ক!বরাবরই স্বল্পভাষী হিসেবে পরিচিত জার্মান অধিনায়ক অবশ্য স্বীকার করলেন, সেই বয়সে তিনি কল্পনাও করেননি আগামীকালের দিনটি, ‘সেদিন অবশ্যই স্বপ্নেও ভাবিনি একদিন এই ট্রফির জন্য আমি লড়াই করব। এটা তখন ছিল অনেক দূরের একটা ভাবনা।’২০১০-এর ফাইনালেও উঠেছিলেন। সেবার হোসে মরিনহোর কৌশলের কাছে হেরেছেন। তবে এই দলটা অনেক পরিণত বলেই দাবি লামের, ‘২০১০ সালে খেলেছিল এমন অনেক খেলোয়াড় এই দলেও আছে। এর মধ্যে আমরা অনেক উন্নতি করেছি, আরও বেশি অভিজ্ঞ হয়েছি। দুই বছর আগের তুলনায় এই শিরোপা জেতার বিশ্বাসটি আরও বড় হয়েছে।’সেই বড় বিশ্বাসটি বড় ট্রফি জেতাতে পারে কি না, সেই উত্তর পেতে আর বেশি অপেক্ষা করতে হচ্ছে না। এএফপি।