লাম্বার পর র্যানডাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলতে গিয়ে লাশ হলেন দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার। ডারিন র‌্যানডালের মৃত্যু স্মরণ করিয়ে দিল ১৫ বছর আগে ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার রমণ লাম্বার মৃত্যুকে।
১৯৯৮ সালে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিলেন রমণ লাম্বা। বাঁহাতি স্পিনার সাইফুল্লাহর বলে মেহরাব হোসেনের শট লাম্বার মাথায় লেগে জমা হয় উইকেটকিপার খালেদ মাসুদের গ্লাভসে। হাসপাতালে নেওয়ার তিন দিন পর তাঁর মৃত্যু হয়।
উইকেটকিপার ব্যাটসম্যান র‌্যানডাল অবশ্য অত সময় পাননি। পরশু ওল্ড সেলবোর্নিয়ানস ও ফোর্ট হেয়ার ইউনিভার্সিটির মধ্যকার বোর্ডার ক্রিকেট বোর্ড প্রিমিয়ার লিগের ম্যাচে পুল করতে গিয়েছিলেন। হেলমেট পরা ছিলেন। তার পরও ব্যাটকে ফাঁকি দিয়ে বল তাঁর মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অ্যালিসের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার মার্ক বাউচারের টুইট, ‘দুঃখের সংবাদ। অন্য রকম একটা ছেলে ছিল ডারিন। ছেলেরা, জীবন খুবই ছোট! কোনো আগামী দিন নেই মনে করেই জীবন কাটাও।’ বোর্ডারের হয়ে চারটি প্রথম শ্রেণীর ম্যাচ ও চারটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা র‌্যানডালের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ওয়েবসাইট।