লারা চান তাঁর রেকর্ডটা ভাঙুন টেন্ডুলকার
ব্যাটিংয়ের প্রায় সব গুরুত্বপূর্ণ রেকর্ডই তাঁর। কদিন আগে ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরিটাও করেছেন। শচীন টেন্ডুলকারের এই কীর্তি দেখার পর তাঁকে অভিনন্দন জানিয়ে ব্রায়ান লারা বলেছেন, ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তি যদি তাঁর টেস্টের রেকর্ড ইনিংসটা ভেঙে দেন, তিনি বরং খুশিই হবেন, ‘এটি অসাধারণ এক অর্জন। প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছে ও। শচীনের মধ্যে এখনো সেই শক্তি, আকাঙ্ক্ষা আর শারীরিক সক্ষমতা আছে। আমি খুশিই হব ও যদি আমার অপরাজিত ৪০০ রানের ইনিংসটা টপকে যায়।’২০০৪ সালে অ্যান্টিগাতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ৪০০ ছোঁয়া প্রথম ইনিংসটি খেলেন লারা। এই রেকর্ড কখনো ভাঙবে কি না—এটা নিয়ে সংশয় আছে। ভারত সফরে আসা লারা অবশ্য জানালেন, ‘রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে যাদের পক্ষে এই রেকর্ড ভাঙা সম্ভব।’ বিশেষ করে রিকি পন্টিং, বীরেন্দর শেবাগ আর ক্রিস গেইলের নাম বলেছেন তিনি। তবে বন্ধু টেন্ডুলকারই রেকর্ডটা ভাঙলে সবচেয়ে খুশি হবেন লারা।টেস্টে চারটি ডাবল সেঞ্চুরি থাকলেও কোনো ট্রিপল সেঞ্চুরি নেই টেন্ডুলকারের। টেস্টে তাঁর সর্বোচ্চ ইনিংসটা অপরাজিত ২৪৮ রানের। তবে কিছুদিন ধরে টেন্ডুলকারকে যেন তীব্র রানক্ষুধা আবার পেয়ে বসেছে। কে জানে, ক্যারিয়ার শেষ করার আগে যে একটা গুরুত্বপূর্ণ রেকর্ড তাঁর দখলে নেই, সেটিও নিজের করে নেন কি না!টেন্ডুলকারের দ্বিশতকের পর এই আলোচনাই চলছে। টেন্ডুলকার ডন ব্র্যাডম্যানের চেয়েও বড় কি না, এটাও এখন আলোচনায়। লারা অবশ্য এ ধরনের তুলনায় যেতে চান না, ‘দুটি ভিন্ন ভিন্ন যুগের ক্রিকেটারের তুলনা করা অযৌক্তিক। ব্র্যাডম্যানের কিছু ইনিংসের টেপ আমি দেখেছি। টেস্টে তাঁর ৯৯.৯৪ ব্যাটিং গড় যদি বিবেচনা করেন, এখনকার ব্যাটসম্যানদের সঙ্গে ব্র্যাডম্যানের বিশাল ব্যবধান।’অবশ্য নিজের ছেলে হলে তাঁকে ব্র্যাডম্যান না বানিয়ে টেন্ডুলকারই বানাতে চাইবেন লারা, ‘আমি প্রায়ই ডিডিভিতে ওর ইনিংসগুলো দেখি। আমার যদি একটা ছেলে থাকত, আমি চাইতাম, ও যেন শচীনের মতো ব্যাট করে।’এদিকে টেন্ডুলকার জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। ভারত তো বটেই, সারা বিশ্বে পরিবেশ নিয়ে সচেতনতা গড়ে তুলতে কাজ করবেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। ‘বিশ্বজুড়ে আমি ক্রিকেট খেলেছি, উপভোগ করেছি। এখন সময় এসেছে বিশ্বের জন্য কিছু করার, বিশ্বই তো আমাদের একমাত্র বাসভূমি’—ইউএনইপির শুভেচ্ছাদূত হওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন টেন্ডুলকার। শুভেচ্ছাদূত হিসেবে গতকালই কাজ শুরু করে দিয়েছেন তিনি। আইপিএলের উদ্বোধনের সময়ই সবুজ পৃথিবীর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। টেলিভিশন, ইউটিউব কিংবা ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে বিশাল ব্যানারে টেন্ডুলকার ছড়িয়ে দিয়েছেন সেই আহ্বান, ‘ধরিত্রী আমাদেরই আবাসভূমি। আমাদের অমূল্য প্রাণিজগত্, বনাঞ্চল, সাগর বাঁচানো আমাদেরই দায়িত্ব।’ টেন্ডুলকারের পাশাপাশি আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া দুই দলের অধিনায়কেরাও পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বানানো বিশাল একটি গ্লোবে সই করেছেন। ওয়েবসাইট।