লারা ফিরছেন ক্রিকেটে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচতে নেমে আর ঘোমটা দেওয়া কেন। তিন বছরের নির্বাসন শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে যখন ফিরেছেনই, ব্রায়ান লারা এবার আরও বড় পরিসরে খেলতে চান। না, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছে নেই। সেটা সম্ভবও নয়। তবে ৪২ বছর বয়সের কোঠায় দাঁড়িয়েও ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি খেলতে চান আইপিএলে।লারাকে আইপিএলে খেলার আত্মবিশ্বাস জুগিয়েছে গত অক্টোবরে জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ২০০৭ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়া লারা নিজেকে বেশ ফিটই মনে করছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটের জন্য। খামতি যদি কিছু থাকে, সেটি দূর করতে চান এখন থেকে প্রস্তুতি নিয়ে।ক্রিকইনফোকে লারা বলেছেন, ‘আইপিএলে খেলতে চাইলে আমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গত মে মাসে সারের সঙ্গে কথাবার্তা হয়েছিল। কিন্তু সেটি শেষ পর্যন্ত ফলদায়ক কিছু হয়নি। এমন বলছি না আমি আইপিএলে খেলার জন্য তৈরি। আসলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমি সেখানে খেলার জন্য রাজিও আছি। কিন্তু এর আগে আমাকে নিয়মিত ক্রিকেট খেলে ফিট হতে হবে। খেলার মতোই খেলতে হবে। নিজের ফর্মটাকে এ ধরনের তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক লিগের মানে নিয়ে যেতে হবে।’এই বয়সে আবারও আইপিএলের মতো ক্রিকেটে ফেরার জন্য লারা প্রেরণা খুঁজে পাচ্ছেন শেন ওয়ার্নের কাছ থেকে। সমবয়সী ওয়ার্ন আইপিএলের প্রথম তিন আসরেই সাফল্যের সঙ্গে খেলেছেন। সাধারণ মাপের একটা দলকে চ্যাম্পিয়নও বানিয়েছেন একবার।ওয়ার্নের মতোই তাঁর ভূমিকাটাও অধিনায়ক-কাম-কোচের হতে পারে বলে মনে করেন লারা, ‘আমিও নিজেকে ওই রকম ভূমিকাতেই দেখতে চাই। খেলার জন্য তরুণদের জায়গা কেড়ে নেওয়ার তো কিছু নেই। এক ম্যাচ হয়তো খেললাম, পরের ম্যাচ খেললাম না। প্রথম একাদশে না থেকেও যেন দলে অবদান রাখতে পারি। শুধু খেলোয়াড় হিসেবে নয়, আমি নিজেকে একটা বিশদ ভূমিকায় দেখতে চাই।’অবসর নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সঙ্গে লারার সম্পর্কও যেন ছিন্ন হয়ে গেছে। তবে আবেগের জায়গাটি যে এখনো টইটম্বুর, সেটি লারার কথা থেকেই বোঝা গেল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়েও তাঁর মাথায় ঘুরপাক খায় অনেক ভাবনা, ‘আমাদের প্রতিভাবান ক্রিকেটারের কমতি নেই। আমার তো মনে হয়, বিশ্বের সেরা তরুণ কিছু ক্রিকেটার আছে আমাদের হাতে। ফাস্ট বোলার হিসেবে কেমার রোচকে দেখুন, গ্যাবায় অভিষেক টেস্টে আদ্রিয়ান বারাথের সেঞ্চুরি। ড্যারেন ব্রাভো...প্রত্যেকে দুর্দান্ত, অসাধারণ।’ ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা নিয়ে তাঁর মনে কোনো সংশয় নেই। কিন্তু উদ্বেগ—এই তরুণ ক্রিকেটারদের সঠিক পরিচর্যায় কক্ষপথে রাখতে যথেষ্ট উদ্যোগ নেওয়া হবে কিনা।ড্যারেন স্যামির অধিনায়কত্বও ইতিবাচক সাড়া পেল লারার কাছ থেকে, ‘একজন অধিনায়ক ততটাই ভালো, যতটা ভালো তাঁর দল। স্যামি এখনো তরুণ। ওর সমর্থন দরকার, বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সমর্থন, যারা কোনো না কোনো পর্যায়ে অধিনায়কত্ব করেছে।’এই দলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার গৌরববোধের অভাবও দেখছেন লারা, ‘এটা তো আর এমন কিছু নয় যে আপনি দোকানে গেলেন আর কিনে নিয়ে ফিরলেন। এটা আপনার ভেতরেই থাকতে হবে। কিছু তরুণ খেলোয়াড়ের এই গৌরবের অনুভূতিতে ঘাটতি আছে বলেই মনে হয় আমার।’আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এবং জিম্বাবুয়ের আগে লারা খেলেছেন শুধু আইসিএলের গোটা কয়েক ম্যাচ। তবে আইসিএলে খেলার জন্য অনুতপ্ত নন ক্যারিবীয় ক্রিকেটের বরপুত্র। ওয়েবসাইট।