লারা-রবার্টসের একই আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যতম স্বাগতিক নিউজিল্যান্ড এবার বিশ্বকাপ শুরুই করেছে ফেবারিট হিসেবে। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে শিরোপার দাবি আরও জোরালো করেছে দলটা। কিন্তু সাবেক দুই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা ও অ্যান্ডি রবার্টস নিউজিল্যান্ড দলের সেমিফাইনালে ওঠারই কোনো সম্ভাবনা দেখছেন না!
দেখছেন না, কারণ তাঁরা দুজনই মনে করেন, আগামীকাল ওয়েলিংটনের শেষ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে ওয়েস্ট ইন্ডিজ। ‘এটা ঠিক ওয়েস্ট ইন্ডিজ দল ম্যাচটা আন্ডারডগ হিসেবে খেলতে নামবে। তবে আমার বিশ্বাস, নিউজিল্যান্ডকে হারানোর কৌশল তাদের জানা আছে’—ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভিকে বলেছেন ব্যাটিং কিংবদন্তি লারা।
একই বিশ্বাস সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসেরও। তবে জয়ের জন্য অ্যান্টিগার দৈনিক অবজারভার-এর মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ দলকে কিছু পরামর্শও দিয়েছেন তিনি, ‘স্নায়ুচাপে ভুগো না। স্নায়ুচাপে ভুগলেই তোমরা চুপসে যাবে। তোমরাও জানো আমরা এর জন্য বিখ্যাত। জয়ের কাছাকাছি থেকেও স্নায়ুচাপের কারণে আমরা অনেকবারই হেরে গেছি।’
সাবেক ক্যারিবীয় অধিনায়ক লারা কোয়ার্টার ফাইনালের ওয়েস্ট ইন্ডিজ দলে কিছু পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন। চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে না খেলা ক্রিস গেইল এ ম্যাচে ফিরতে পারেন। তাঁর ওপেনিং সঙ্গী হিসেবে ডোয়াইন স্মিথের পরিবর্তে লারা চান আমিরাতের বিপক্ষে ৫৫ রান করা জনসন চার্লসকে, আর তিন নম্বরে চান দিনেশ রামদিন বা লেন্ডল সিমন্সকে। এএফপি।