লারাকে ছাড়িয়ে যাওয়া কঠিন: ব্রাভো
ক্রিকেট অঙ্গনে পা রাখার পর থেকেই ব্রায়ান লারা সঙ্গে তুলনা শুরু হয় ড্যারেন ব্রাভোর। লারার মতো ব্রাভোও এসেছেন ত্রিনিদাদ থেকে। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান। খেলার ধরনেও অনেক সাদৃশ্য আছে দুজনের। সব মিলিয়ে নতুন লারা হিসেবে একধরনের স্বীকৃতি পেয়েই গিয়েছিলেন ব্রাভো। গতকাল ভারতের বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের লড়াকু ইনিংস খেলে নিজের সক্ষমতার প্রমাণও বেশ ভালো মতোই দিয়েছেন তরুণ এই উইন্ডিজ ব্যাটসম্যান। তবে লারার সঙ্গে তুলনা করা হলেও কিংবদন্তি এই ব্যাটসম্যানের সমপর্যায়ে যাওয়া অনেক কঠিন বলে মন্তব্য করেছেন ব্রাভো।গতকাল কলকাতা টেস্ট শেষে ব্রাভো সাংবাদিকদের বলেছেন, ‘লারা অবশ্যই আমার আদর্শ ক্রিকেটার। স্বাভাবিক খেলা খেললে হয়তো আমাকে কিছুটা লারার মতোই মনে হয়। কিন্তু আমি খুব ভালো মতোই জানি যে তাঁকে ছাড়িয়ে যাওয়া আমার জন্য খুবই কঠিন কাজ। তিনি যা অর্জন করেছেন, তা স্পর্শ করা অনেক কষ্টকর। তবে আমি নিজের খেলাটা ভালোমতো খেলে যেতে চাই।’কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ৪৭৮ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অসাধারণ দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠানোর প্রায় অসম্ভব কাজটারও অনেক কাছাকাছিই চলে গিয়েছিল সফরকারীরা। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১৫ রানের জন্য সেটা আর সম্ভব হয়নি। ইনিংস ব্যবধানেই হার মেনে নিতে হয়েছে ক্যারিবীয়দের। ম্যাচ শেষে এ জন্য হতাশা প্রকাশ করেছেন ব্রাভো। তিনি বলেছেন, ‘ইনিংস পরাজয় এড়ানোটা ছিল খুবই কঠিন কাজ। তবে দ্বিতীয় ইনিংসের পারফরমেন্সের জন্য আমরা কিছুটা মাথা উঁচু করে মাঠ ছাড়তে পেরেছি।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।