লারাকে ছাড়িয়ে লারার পাশে
তুলনাটা উঠলেই তিনি বিব্রত হন, কিন্তু লোকের কী দোষ! চেহারা, ব্যাটিংয়ের ধরন—এসব তো আছেই। ব্রায়ান লারা ও ডোয়াইন ব্রাভোর তুলনায় এবার বিস্ময় উপহার দিল পরিসংখ্যানও। কলকাতা টেস্ট শেষে ১২ টেস্টে ৪৭.০৫ গড়ে ব্রাভোর রান ৯৪১। এবার ১৭ বছর পিছিয়ে যান। বিশ্বাস করুন আর না-ই করুন, ১২ টেস্ট শেষে লারার রানও ছিল ঠিক ৯৪১, গড় ৪৭.০৫! দুজনেরই পঞ্চাশোর্ধ ইনিংস আটটি করে। দারুণ খেলতে থাকা ব্রাভো হঠাৎ বাজে এক শটে কেন স্লিপে ক্যাচ দিলেন, এটার হাজারো ক্রিকেটীয় কারণ খুঁজে পাওয়া যাবে। তবে সবচেয়ে বড় কারণ তো মনে হচ্ছে, ক্রিকেট বিধাতা এটাই চাইছিলেন!আরেকটা জায়গায় তো মামাকে ছাড়িয়েই গেলেন ভাগনে। লারার ৩৪ টেস্ট সেঞ্চুরির একটিও ভারতের মাটিতে ছিল না। ১৯৯৪ সালে প্রথম ভারত সফরে তিন টেস্টে দুটি ফিফটি করেছিলেন। এরপর আরও এক যুগ খেললেও ভারতে টেস্ট খেলা হয়নি লারার। ভারতের মাটিতে দ্বিতীয় টেস্টেই ব্রাভো পেয়ে গেলেন সেঞ্চুরি, যেটি তাঁর ক্যারিয়ারেরও দ্বিতীয়। বাঁ হাতে ব্যাট, ডান হাতে হেলমেট নিয়ে দারুণ এক লাফ—ব্রাভোর সেঞ্চুরি উদ্যাপনও মনে করিয়ে দিল লারার কথা।বিস্ময়জাগানিয়া বলেই চতুর্থ দিন চা বিরতির আগেই শেষ হয়ে যাওয়া ম্যাচে সবার আগে ব্রাভোর কথা। ম্যাচে অভাবিত কিছু ঘটেনি। ব্রাভো-স্যামুয়েলস-চন্দরপলরা লড়াই করেছেন, তবে সেটি শুধু ম্যাচের দৈর্ঘ্যই একটু বাড়াতে পেরেছে। ফলোঅনের পর নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ, করেছে দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানও। তবু হারতে হয়েছে ইনিংস ও ১৫ রানে। ২০০৫ সালে দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজের পর প্রথমবারের মতো এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতল ভারত।শেষ পর্যন্ত ইনিংসে হারলেও ২০০১ সালের ইডেনের স্মৃতি কিন্তু একটু উঁকি দিতে শুরু করেছিল। চন্দরপলকে হারালেও প্রথম সেশনে ৩৬ ওভারে এসেছিল ১৪৪ রান! পঞ্চম উইকেটে ব্রাভো-স্যামুয়েলসের ১৩২ রানের জুটিতে রান এসেছে ওভারপ্রতি ৫ করে। ২০০২ সালে এই মাঠেই প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন স্যামুয়েলস, মনে হচ্ছিল আরেকটি পেয়ে যাবেন। কিন্তু ব্রাভোর আউটে মনোযোগটা নড়ে গিয়েছিল বলেই কিনা সামনে খেলার বল পেছনে খেলে ৮৪ রানে এলবিডব্লু। ব্রাভো-স্যামুয়েলসসহ ২০ রানের মধ্যে ৪ উইকেট পড়ে গেলে নিশ্চিত হয়ে যায় উইন্ডিজের ইনিংস পরাজয়। স্যামির তিন ছয়ে শুধু ব্যবধানই কমেছে। এ বছর টেস্টে সর্বোচ্চ ১৩টি করে ছয় এখন যৌথভাবে স্যামি ও ব্রাভোর!ব্রাভো যথারীতি খেলেছেন লারাকে মনে করিয়ে দেওয়া সব শট। ১১১ বলে হাফ সেঞ্চুরি, দ্বিতীয় ফিফটি ৭০ বলে। ভাগ্যের ছোঁয়াও অবশ্য পেয়েছেন, ৫৪ রানে রান আউট হওয়ার হাত থেকে বেঁচে গেছেন গম্ভীরের বাজে থ্রোতে। নিয়তিই হয়তো ঠিক করে রেখেছিল ব্রাভো কাল ঠিক ১৩৬ করবেন আর থাকবেন লারার পাশে! ওয়েবসাইট।