ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ প্রায় সব রেকর্ডই তাঁর দখলে। তবে এখনো শচীন টেন্ডুলকার কয়েকটি জায়গায় ব্রায়ান লারার চেয়ে পিছিয়ে। লারার অপরাজিত ৪০০ রানের সেই রেকর্ড ইনিংস হয়তো ছোঁয়াই হবে না তাঁর। ৪০০ তো দূরের কথা, এখন পর্যন্ত ২৫০ রানের কোনো ইনিংসই তো খেলতে পারেননি তিনি। লারার পেছনে আছেন আরেকটা জায়গায়। তবে সেই রেকর্ডটা হয়তো শিগগিরই লারার কাছ থেকে ছিনিয়ে নেবেন টেন্ডুলকার। দলের পক্ষে সবচেয়ে বেশিবার সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ১০৫ ভারতের পক্ষে তাঁর ৬৩তম বারের মতো ইনিংসের সর্বোচ্চ রান। রেকর্ডটা লারার দখলে। তবে খুব বেশি দূরে নেই ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক তারকা। টেস্ট ক্রিকেটে ৬৫ বার দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন লারা। এই সিরিজেই আরও তিনবার ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন টেন্ডুলকার। কে জানে, এই সিরিজেই লারাকে ছাড়িয়ে যান কি না! ইদানীং তাঁর মাঠে নামা মানেই তো নিত্যনতুন রেকর্ড।