খুব বেশি দিন আগের কথা না যখন ব্যাট হাতে গোটা ক্রিকেট দুনিয়া শাসন করেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। শচীন টেন্ডুলকার আর ব্রায়ান লারার শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কও কম হয় নি ক্রিকেট দুনিয়ায়। কিন্তু সেসব দিন বোধহয় একটু ফিকেই হয়ে গেছে। চার বছর আগে অবসর নেওয়ার পর হঠাত্ করেই এবারের আইপিএলের আসরে খেলার ইচ্ছা পোষণ করেছিলেন প্রিন্স অব ত্রিনিদাদ। কিন্তু টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২২,৩৫৮ রানের মালিক দৃষ্টি আকর্ষণ করতে পারেন নি আইপিএলের ফ্রাঞ্চাইজদের। আইপিএলের চতুর্থ আসরের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠানে আজ সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইলদের সঙ্গে অবিক্রীতই থেকে গেছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তাঁকে কিনতে আগ্রহী হয়নি আইপিএলের চতুর্থ আসরের ১০ টি দলের কেউই!চার বছর আগে ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নেওয়ার পর ব্যাট বলের সঙ্গে খুব বেশি সম্পর্ক ছিল না লারার। ভারতের বিদ্রোহী লিগ আইসিএলের প্রথম আসরে অংশ নিয়েছিলেন ২০০৮ সালে। কিন্তু আইপিএলের তিনটি আসর অতিবাহিত হলেও এখানে খেলার প্রতি কখনোই খুব বেশি আগ্রহী ছিলেন না লারা। কিন্তু সম্প্রতি আইপিএলের চতুর্থ আসরে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন তিনি। হঠাত্ করে লারা আইপিএলে খেলতে চায় জেনে তাঁর সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসন খুবই খুশি হয়েছিলেন। লারার আক্রমণাত্মক ব্যাটিং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘সে যদি সত্যিই ফিরে আসে তাহলে এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সর্বোপরি ক্রিকেটের জন্যই একটা ভালো ব্যাপার। সে বর্তমান যুগের একজন অন্যতম সেরা ব্যাটসম্যান। অবসর নিলেও সে এখনো অনেক রান করতে পারবে।’কিন্তু রিচার্ডসনের এই বিজ্ঞাপনে মন গলে নি মুকেশ আম্বানী, প্রীতি জিনতাদের। ক্রিকেট অঙ্গনে লারার অবদান যতই থাকুক না কেন, আইপিএলের মতো বাণিজ্যনির্ভর আসরে ৪১ বছর বয়সী লারার উপর বাজি ধরতে রাজি নয় ফ্রাঞ্চাইজগুলো। হিন্দুস্থান টাইমস।