লারার পর চন্দরপল
ব্রায়ান লারার পথে হাঁটলেন শিব নারায়ণ চন্দরপল। প্রথম ক্যারিবীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছিলেন ব্রায়ান লারা। এরপর দ্বিতীয় ক্যারিবীয় হিসেবে গতকাল এই কৃতিত্ব অর্জন করলেন চন্দরপল।এ দিন বিপর্যয়ের মধ্যেও দলের হাল ধরে রাখেন চন্দরপল। ডমিনিকা টেস্টে জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫ রানে তিনটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চরম ব্যাটিং বিপর্যয়ে ডুয়াইন ব্রাভোকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন চন্দরপল। গড়ে তোলেন ১১০ রানের জুটি। নিজে দলীয় সংগ্রহে যোগ করেন ৬৯ রান। এর মাধ্যমে টেস্টে চন্দরপলের রানসংখ্যা দাঁড়াল ১০ হাজার ৫৫ রান।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিছক নতুন কোনো মাইলফলকে পা দেওয়া নয়, এর মধ্য দিয়ে তরুণ ক্রিকেটারদের সামনে উদাহরণও সৃষ্টি করলেন ৩৭ বছর বয়সী চন্দরপল। দলের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। তবে বয়সের সঙ্গে পাল্লা দিয়েই লড়ে চলেছেন তিনি। তরুণ ক্রিকেটাররা তাঁকে প্রেরণা হিসেবে নিতেই পারেন।টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সতীর্থ ডুয়াইন ব্রাভোর কণ্ঠে চন্দরপল-বন্দনা, ‘যখনই তাঁর কাছে কেউ কোনো পরামর্শ চায়, সব সময় নিজের শতভাগ উজাড় করে দেন শিব। আমরা খুবই ভাগ্যবান যে তাঁর মতো একজনকে দলে পেয়েছি। তাঁর সঙ্গ আমরা উপভোগ করি।’চন্দরপলকে তরুণদের জন্য আদর্শ হিসেবেও তুলে ধরলেন ব্রাভো, ‘আরও অনেক দিন চন্দরপল আমাদের সঙ্গে থাকবেন। দলের তরুণ ক্রিকেটার হিসেবে আমাদের উচিত, তাঁর কাছ থেকে যতটা সম্ভব শেখার চেষ্টা করা।’টেস্টে সর্বকালের সেরা ১০ রান সংগ্রাহক:১. শচীন টেন্ডুলকার (১৫ হাজার ৪৭০ রান)২. রিকি পন্টিং (১৩ হাজার ২৮৯ রান)৩. রাহুল দ্রাবিড় (১৩ হাজার ২৮৮ রান)৪. জ্যাক ক্যালিস (১২ হাজার ৩৭৯ রান)৫. ব্রায়ান লারা (১১ হাজার ৯৫৩ রান)৬. অ্যালান বোর্ডার (১১ হাজার ১৭৪ রান)৭. স্টিভ ওয়াহ (১০ হাজার ৯২৭ রান)৮. মাহেলা জয়াবর্ধনে (১০ হাজার ৪৪০ রান)৯. সুনীল গাভাস্কার (১০ হাজার ১২২ রান)১০. শিব নারায়ণ চন্দরপল (১০ হাজার ৫৫ রান)