লারার বিশ্বকাপ রোমন্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যানের দিকে তাকান। কী বিশাল তাঁর অর্জন। রেকর্ডের চন্দ্রপৃষ্ঠে আর্মস্ট্রং হয়ে পা রাখা। তার পরও ব্রায়ান লারার হূদয়ের এক কোণে বিশাল এক শূন্যতা। বিশ্বকাপ ট্রফিটা যে ছুঁয়ে দেখা হয়নি তাঁর!আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন যখন, ওয়েস্ট ইন্ডিজের রাজত্ব ধসে পড়ছে বার্লিনের প্রাচীরের মতো। নিকট ভবিষ্যতে যে উত্তরসূরিদের হাতে বিশ্বকাপ শিরোপা দেখবেন, সেই আশাও ক্ষীণ। অন্তত এবার তো সুযোগই নেই। খোদ লারাই বলছেন, ‘এই দলটা খুব বেশি অভিজ্ঞ নয়, বিশেষ করে, ভারতীয় কন্ডিশনে তো নয়ই।’তাই বলে একেবারে বাতিলের খাতায় তো আর ফেলে দেওয়া যায় না। নিজের দেশ বলে কথা। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং কিংবদন্তি তাই কিছু নুড়ি পাথর কুড়িয়ে নিতে চাইলেন, ‘আমাদের দলে অবশ্য চন্দরপল, গেইল, ব্রাভোদের মতো দারুণ কিছু খেলোয়াড় আছে।’ বিশ্বকাপে ভালো কিছু করতে চাইলে এই সিনিয়রদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বলে মনে করেন গত বিশ্বকাপের পর অবসর নেওয়া লারা।অনেকটা অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন রামনরেশ সারওয়ান। লারা কিন্তু নির্বাচকদের এই সিদ্ধান্তকে বাহবাই দিলেন, ‘সারওয়ানকে দলে পাওয়া মানেই একটা সম্পদ যোগ হওয়া। ওর সেই সামর্থ্য, সেই প্রতিভা আছে। পুরো মনোযোগ দিয়ে খেলতে পারলে ও আসলেই একটা বড় সম্পদ। ওকে দলে দেখে আমি তাই খুব খুশি।’অনেকেই মনে করছেন, ড্যারেন স্যামির বদলে দলটার নেতৃত্ব অন্য কাউকে দেওয়া উচিত ছিল। লারা কিন্তু এর সঙ্গে একমত নন, ‘ও তো মাত্রই শুরু করল। আসলে বুঝতে হবে, একজন অধিনায়ক ততটাই ভালো, যতটা তার দল। ওর অভিজ্ঞতার একটু ঘাটতি আছে, কিন্তু তার মানে এই নয়, ও ভালো করতে পারবে না। পুরো দলের সমর্থন পেছনে থাকলে ও নিশ্চয়ই ভালো করবে।’নিজে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। এর মধ্যে কেবল একবারই সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলেন, ১৯৯৬ উপমহাদেশীয় বিশ্বকাপে। লারাও জানালেন, তাঁর কাছে ওই বিশ্বকাপটি ‘স্পেশাল’ হয়ে আছে, ‘আমি একবারই সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম। পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যে কোয়ার্টার ফাইনালে জিতলাম, সেটি আমার জন্য বিশেষ একটি ম্যাচ ছিল।’ বিশেষ ম্যাচ এ জন্য নয়, ওই ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন। ‘দলের জন্য খেলেন না’ প্রায়ই এই অপবাদ হজম করতে হওয়া লারা জানালেন, ‘ওই ম্যাচটি স্পেশাল ছিল। কারণ, টুর্নামেন্টে এর আগে দক্ষিণ আফ্রিকা অপরাজিত ছিল। কিন্তু আমরা ওদের চেয়েও সেদিন ভালো খেলেছি।’সেই উপমহাদেশেই এবারের বিশ্বকাপ। তা লারার চোখে ফেবারিট কে? ‘ভারত। ওরা টি-টোয়েন্টি, ৫০ ওভার, এমনকি টেস্টেও এখন অনেক ভালো একটা দল। ওরাই আমার ফেবারিট।’ তবে ধোনির দলকে আরেকটি গুরুত্বপূর্ণ কথাও মনে করিয়ে দিতে ভোলেননি ভারত সফরে আসা এই কিংবদন্তি, ‘আর সব স্বাগতিক দেশের মতো ভারতের ওপরও কিন্তু প্রচণ্ড চাপ থাকবে।’ ওয়েবসাইট।