লারার মুখে ব্রাভো-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লারার ক্লোন’ এই তকমা পেয়ে গেছেন অভিষেকের পরই। ব্যাটিং, উইকেটে চলনবলন, উদ্যাপন ভঙ্গি—অনেকেই ড্যারেন ব্রাভোর মধ্যে দেখছে ব্রায়ান লারার ছবি। ব্রাভোও মনে করিয়ে দিচ্ছেন লারাকে। ক্যারিয়ারের ১২তম টেস্ট শেষে লারা-ব্রাভো দুজনেরই রান, গড় ছিল সমান! ১৩তম টেস্টের একমাত্র ইনিংসে লারা খেলেছিলেন ১৬৭ রানের ইনিংস। ব্রাভো ১৩তম টেস্টের প্রথম ইনিংসে করেছেন ১৬৬। দ্বিতীয় ইনিংসে ৪৮ রান করে ব্রাভো রানে ছাড়িয়েই গেছেন ‘মামাকে’।তাই শেষ পর্যন্ত কত দূর যাবেন সেটা বলবে সময়, কিন্তু ব্রাভো এগিয়ে চলেছেন গ্রেট হওয়ার পথেই। আর তাই এবার মুখ খুললেন লারাও। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তিও ব্রাভোর মধ্যে দেখতে পাচ্ছেন ভবিষ্যতের গ্রেট তারকার ছবি। বললেন, ‘অন্যতম গ্রেট ব্যাটসম্যানই হতে যাচ্ছে ব্রাভো।’ তবে ভাগনেকে এই বলে সতর্কও করে দিয়েছেন লারা, এখন থেকে সে প্রতিপক্ষ দলগুলোর ‘লক্ষ্য’ হবে, সুতরাং পা ফেলতে হবে সাবধানে!বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সিরিজে সর্বশেষ চার টেস্টেই তিনটি সেঞ্চুরি করেছেন ব্রাভো। এই দুটি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অন্য তরুণ ব্যাটসম্যানরাও নিজেদের প্রতিভার প্রমাণ রেখেছেন। যা দেখে মুগ্ধ লারা, ‘আমরা হয়তো ভারতে কোনো টেস্ট জিততে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি, তরুণ খেলোয়াড়েরা তাদের দায়িত্ব দারুণভাবে পালন করেছে। (ক্রেইগ) ব্রাফেট, (আড্রিয়ান) বারাথ, (কার্ক) এডওয়ার্ডস এবং ব্রাভো—প্রত্যেকে মিলেও ৫০ টেস্ট খেলেনি। কিন্তু তাদের প্রত্যেককেই দুর্দান্ত দেখা গেছে। ব্রাভো ক্রমেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। প্রথম সেঞ্চুরির আগে হয়তো ও কিছুটা সময় নিয়েছে, কিন্তু এখন ও এটার স্বাদ পেয়ে গেছে এবং এটা চালিয়ে যাচ্ছে।’পরপরই ব্রাভোকে সতর্কও করেছেন ক্যারিবীয় কিংবদন্তি, ‘এখন তাকে বুঝতে হবে, অনেক প্রতিপক্ষ তার ওপর চোখ রাখবে—যেমন অস্ট্রেলিয়ানরা, ইংলিশরা। কারণ, সে এখন প্রতিষ্ঠিত খেলোয়াড় এবং সে কিছুটা চাপেও থাকবে। তবে আমি আশাবাদী, এ থেকে বেরিয়ে আসার মতো পরিণত হয়ে ওঠার পরিচয় সে দেবে।’শুধু ব্রাভো নন, ক্যারিবিয়ানের সব প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েই আশাবাদী লারা। তবে তিনি মনে করেন, নিজেদের ইতিবাচক থাকাটা তরুণদের জন্য চ্যালেঞ্জ, কারণ ওয়েস্ট ইন্ডিজ খুব একটা ম্যাচ জেতে না। ওয়েবসাইট।