লারার সেরা সৌরভ আর ওয়ালশ
ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ন্যূনতম পাঁচ টেস্টে নেতৃত্ব দেওয়া ভারতীয় অধিনায়কদের মধ্যে সাফল্যের বিচারে ধোনির (৫১.০৬%) পরেই সৌরভের অবস্থান (৪২.৮৫%)। এই দুজনের নেতৃত্বাধীন দলের বিপক্ষে খেললেই হয়তো উত্তর দিতে ভাবতে হতো ব্রায়ান লারাকে। কিন্তু ভারতের সেরা অধিনায়ক বাছাইয়ে একটুও সময় নিলেন না ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। সৌরভকেই সেরা বললেন লারা, সঙ্গে এটাও জানিয়ে দিলেন যাঁদের বিপক্ষে তিনি খেলেছেন তাঁদের মধ্যে সেরা।সৌরভকে বেছে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন টেস্টে সর্বোচ্চ ইনিংসের (৪০০*) মালিক। এক বাণিজ্যিক প্রচারণায় ভারতে এসে ৪৯ টেস্টের ২১টি জেতা সৌরভকে বেছে নেওয়ার পক্ষে লারার যুক্তি, ‘অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার নেতৃত্বটা ছিল ঈর্ষণীয়। তাকে আমি দারুণ শ্রদ্ধা করি।’ লারা শ্রদ্ধা করেন কপিল দেবের নেতৃত্বগুণকেও। তাঁর নেতৃত্বাধীন দলের বিপক্ষে না খেললেও লারা ভালোই মনে রেখেছেন ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে কপিল দেবের ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের ‘স্মৃতি’। ‘১৯৮৩ সালে বিশ্ব শাসনের ছড়ি ছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। ফাইনালটা ওয়েস্ট ইন্ডিজ সহজেই জিতবে ভেবে (টিভিতে খেলা না দেখে) খেলতে চলে গিয়েছিলাম। ঘরে ফিরেই জানতে পারি ভারত জিতে গেছে, আমার কাছে যা ছিল বিস্ময়কর। অধিনায়ক কপিল দেবের কারণেই সেটা সম্ভব হয়েছে।’যাঁকে ‘ভালো বন্ধু’ মানেন লারা, সেই টেন্ডুলকারও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে ব্যর্থ হলেও ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার যা করেছেন বা করছেন, তা আর কারও পক্ষে করা সম্ভব হবে না বলেই বিশ্বাস লারার, ‘ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটে টেন্ডুলকারের অবদানটা অপরিমেয়।’ভারতীয় অধিনায়কদের নিয়ে কথা বলতে গিয়ে নিজেকে নিয়েও কথা বলেছেন। লারা ফিরে গেছেন বিচে ক্রিকেট খেলা আনন্দময় শৈশবের দিনগুলোয়। ‘নারকেলের ডাল থেকে তৈরি একটা ব্যাট আমাকে দিয়েছিল আমার ভাই। ওই ব্যাট পাওয়ার প্রথম দিন থেকেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার হতে চাইতাম। আঙিনায় খেলতাম আর ভাবতাম (গর্ডন) গ্রিনিজ, (ডেসমন্ড) হেইন্স, (ভিভিয়ান) রিচার্ডসদের দলে খেলার কথা। শুরু থেকেই নিজেকে ক্রিকেটার হিসেবে দেখতে চেয়েছি।’ক্রিকেটার লারার প্রতিভা নিয়ে কখনোই কারও কোনো সন্দেহ ছিল না। কিন্তু প্রায়ই সমালোচকেরা খোঁচা দিয়েছেন ‘নিজের জন্য খেলেন’ বলে। আসলেই কি তাই? লারা এই অভিযোগ মানেন না, ‘গণমাধ্যম ও অনেক লোক আমার সব অর্জন আর সাফল্যকে ব্যক্তিগত মনে করে। কিন্তু সেটা ভুল। সতীর্থরাই ছিল আমার জীবনে সবচেয়ে বড় প্রেরণা। দলের হয়ে খেলতেই অনুপ্রাণিত হয়েছি সব সময়।’ টেস্টে তাঁর সর্বোচ্চ ইনিংসের উদাহরণ টেনে লারা আরও বললেন, ‘যখন আমি ৪০০ রানের ইনিংস খেলি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। ম্যাচ ড্র করাটাই তখন বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা ৭৫০ মতো রান করেছিলাম। তাতেই আমরা বেশি সময় ব্যাট করেছি বলে ফিসফিসানি শুরু হয়ে গিয়েছিল।’লারা মনে করেন, তাঁর লারা হয়ে ওঠার পেছনে ভূমিকা আছে চ্যালেঞ্জ নিতে পারার রোমাঞ্চ, ‘চ্যালেঞ্জ নিতে ভালোবাসতাম। দলের স্কোর ২ উইকেট ৩০০ থাকত তখন ব্যাটিংয়ে যাওয়ার চেয়ে, ২০/৩ অবস্থায় ব্যাটিংয়ে যেতেই পছন্দ করতাম আমি।’ শুরুটা করেছিলেন অধিনায়কের প্রসঙ্গ ধরে। লারা শেষও করলেন অধিনায়ক প্রসঙ্গেই, তবে সেটি ওয়েস্ট ইন্ডিজের। যাঁদের অধীনে খেলেছেন, কোর্টনি ওয়ালশকেই তাঁদের মধ্যে সত্যিকারের ‘নেতা’ মনে হয়েছে তাঁর কাছে। ওয়েবসাইট।