লাল উচ্ছ্বাস, না নীল ঢেউ?

এই একটা ট্রফিই জেতা হয়নি স্পেনের। কনফেডারেশনস কাপ। ট্রফি কেসে জায়গা ঠিক করা আছে। আর দুই ম্যাচ পেরোলেই ক্যাসিয়াস-জাভি-ইনিয়েস্তারা ওখানে সাজিয়ে রাখতে পারবেন ট্রফিটাকে। দূরত্বটা কমে এক ম্যাচ হয়ে যেতে পারে আজই! মহাদেশীয় সেরাদের এই টুর্নামেন্ট থেকে কখনো হাসি মুখে ফিরতে পারেনি ইতালিও। বিশ্বকাপ, ইউরো সবই আছে নীল দলের। অধরা শিরোপাটা জিততে হলে আজ বুফন-পিরলোদের পেরোতে হবে লা রোজাদের বাধা। ফোর্তালেজার কাসতেলাও স্টেডিয়ামে কনফেডারেশনস কাপের সেমিফাইনালে দুই দল মুখোমুখি হচ্ছে এই একই স্বপ্ন নিয়ে। তবে স্মৃতির ভেলায় পেছনে ফিরলে সেই স্বপ্নের সঙ্গে যোগ হবে বদলা শব্দটাও। বছর খানেক আগে এ রকমই এক ম্যাচে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো ইউরো জিতেছিল স্পেন। পিরলো-বুফনরা কি পরাজয়ের সেই বেদনা টের পান না এখনো? ফার্নান্দো তোরেসের ধারণা, না থেকেই পারে না সেই বেদনাবোধ। সে কারণেই আজ ইতালিকে নিয়ে বাড়তি সতর্ক স্প্যানিশ স্ট্রাইকার, ‘অতীতের ক্ষতটার কারণেই আজ ওরা আরও ভয়ংকর হয়ে উঠতে পারে। জয়ের জন্য আজ ইতালি মরিয়া হয়ে উঠবে, কারণ ওরা সারা জীবন সেটাই করে আসছে।’
চাইলেও অবশ্য সব সময় সবকিছু পাওয়া যায় না। ইতালি কোচ সিজারে প্রানদেল্লি যেমন পাচ্ছেন না তাঁর সেরা স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে। ঊরুর পেশি ছিঁড়ে যাওয়ায় দেশে ফিরে যাওয়া বালোতেল্লি আজ খেলা দেখবেন টিভিতে। চোটের কারণে দর্শক হয়ে গেছেন রাইটব্যাক ইনিয়াৎসিও আবাতেও। কৌশলগত কারণেই আজ তাই ইতালি যেতে পারে অন্য ছকে। ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, হয়তো প্রতিপক্ষ স্পেন বলেই ৩-৫-২ ছকে যাবেন প্রানদেল্লি। গত বছর ইউরোর গ্রুপ পর্যায়ে এভাবে খেলেই স্পেনের সঙ্গে ১-১ ড্র করেছিল ইতালি। ফাইনালে গিয়ে সেটা ভেঙে চার ডিফেন্ডার নামিয়েছিলেন প্রানদেল্লি, হারতে হয়েছিল বিশাল ব্যবধানে। বালোতেল্লি না থাকায় আক্রমণভাগের দায়িত্বটা এসে পড়বে আলবার্তো জিলার্দিনো আর স্টেফান এল শারাউয়ির কাঁধে। মাঝমাঠে আন্দ্রেয়া পিরলো আর ড্যানিয়েলে ডি রসিকে ফিরে পাওয়াটা অবশ্য আজ্জুরিদের জন্য বিশাল স্বস্তির। ইতালির পুরো খেলার ‘ইঞ্জিন রুম’ এই দুজন। তবে চোট ও প্রতিপক্ষের কথা ভেবে কৌশল বদলালেও ইতালি তাদের স্বভাবজাত খেলার ধরন বদলাবে না বলে স্পষ্টই জানালেন মিডফিল্ডার ক্লদিও মারকিসিও, ‘আমরা মাঝে মাঝে কৌশল বদলাই, কিন্তু আমাদের খেলার ধরন সব সময় একই রকম।’
এ ধরনটা হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়া। শেষ বাঁশির আগে ইতালি হারতে চায় না এবং এই অদম্য মানসিকতাটা জানেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। তোরেসের মতোই তিনিও সমীহ করেন ইতালিকে, ‘আমরা কোনো রকম চমক আশা করছি না। ইতালিকে আমরা খুব ভালো চিনি। ওরা আমাদের কতটা ভোগাতে পারে, সেটাও জানি। ওরা খুব অভিজ্ঞ এবং শেষ পর্যন্ত লড়তে জানে। যদিও সাম্প্রতিককালে আমাদের বিপক্ষে ওদের ফল খুব একটা ভালো নয়।’
স্পেনেরও শঙ্কা ছিল স্ট্রাইকার রবার্তো সলদাদো ও মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসকে নিয়ে। তবে চোট থেকে তাঁরা সেরে উঠলেও আজ খেলবেন কি না নিশ্চিত নয়। বিকল্প আছে বলে কোচ ভিসেন্তে দেল বস্ক অবশ্য এটা নিয়ে ভাবছেন না। টুর্নামেন্টে এ পর্যন্ত ৫ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকা ফার্নান্দো তোরেস সলদাদোর জায়গা নিতে দারুণভাবে প্রস্তুত। মাঝমাঠে ডেভিড সিলভা ও হুয়ান মাতার মতো বিকল্প আছে কোচের হাতে।
এত বিকল্প থাকায় একটা মধুর সমস্যায়ও পড়েছেন স্পেন কোচ। ইকার ক্যাসিয়াস, ভিক্টর ভালদেস নাকি পেপে রেইনা—তিন গোলরক্ষকের একজনকে বাছতেই তো হিমশিম খাচ্ছেন। গ্রুপ পর্যায়ের তিন ম্যাচে তিনজনকে রেখেছেন পোস্টের নিচে। আজ কার ওপর আস্থা রাখবেন দেল বস্ক? এএফপি।