
ম্যাচের বয়স তখন ৬০ মিনিট। রেফারির পকেট থেকে লাল কার্ড বের হতে দেখে উৎফুল্ল আবাহনীর সমর্থকেরা। ম্যাচ শেষে ওই সমর্থকেরাই বোতল ছুড়ল গ্যালারি থেকে। গালাগালির বৃষ্টি বইয়ে দিলেন কর্মকর্তা-খেলোয়াড়দের উদ্দেশে। ১০ জনের দল হয়ে পড়া শেখ জামাল ধানমন্ডির সঙ্গে গোলশূন্য ড্র করলে এমন ক্ষোভ তো হবেই।
শেখ জামালের চেয়ে এই ম্যাচে জয়টা বেশি দরকার ছিল আবাহনীর। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এখনো অনেকটা এগিয়ে শেখ জামাল। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট ৩২।
ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়েরা জড়িয়ে পড়লেন মারামারিতে। শেখ জামালের ওয়েডসনের সঙ্গে প্রথমে তর্ক শুরু আবাহনীর সুয়ারেসের। এগিয়ে আসেন ইব্রাহিম, ওয়াসিও, প্রাণতোষরা। শুরু করেন হাতাহাতি। একসময় দুই দলের খেলোয়াড়দের অনেকেই রেফারিকে ঘিরে ধরেন। শেষ পর্যন্ত শেখ জামাল কোচ আপুসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। ওয়েডসনকে টানতে টানতে মাঠের বাইরে বের করে আনেন আপুসি।
চোটের কারণে শেখ জামালের ফরোয়ার্ড ডার্লিংটন কাল মাঠেই নামেননি। তাঁর অভাব ভালোই বুঝেছে শেখ জামাল। যদিও সনি নর্দে আর ওয়েডসন মিলে চেষ্টা করেছেন আবাহনীর রক্ষণ ভাঙতে। কিন্তু পারেননি। ৩৫ মিনিটে ওয়েডসনের জোরালো শট দারুণভাবে আটকে দেন আবাহনীর গোলরক্ষক সোহেল। ৫৬ মিনিটে ওয়েডসেনের ক্রস থেকে নর্দে বলে পা ছোঁয়ালেই গোল, এমন সুযোগও হাতছাড়া৷ ৬০ মিনিটে বল ছাড়া মিশুকে ফেলে দিয়ে লাল কার্ড দেখলেন লিঙ্কন। ১০ জনের দল পেয়েও সমর্থকদের হতাশ করেছে আবাহনী। অন্তত গোটা তিনেক সহজ সুযোগ নষ্ট করেছেন সুয়ারেস ও ইব্রাহিম৷
ব্রাদার্স-মুক্তিযোদ্ধা ড্র: প্রথম পর্বে সপ্তম স্থানে ছিল ব্রাদার্স। কিন্তু দ্বিতীয় পর্বে যেন উড়তে শুরু করেছে দলটি। গত ছয় ম্যাচে পাঁচটিতেই জয়, যার চারটিই টানা৷ অবশেষে ব্রাদার্সকে আটকে দিল মুক্তিযোদ্ধা। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স। এই ড্রয়ে অবশ্য দুই দলের অবস্থানে কোনো বদল হয়নি। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে ব্রাদার্স, পঞ্চম মুক্তিযোদ্ধার পয়েন্ট ২২।
৫ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে নেন অগাস্টিন। কেস্টারের ক্রস থেকে অগাস্টিনের শট সাইডপোস্টে লেগে ঢোকে জালে। গোল খেয়ে মরিয়া মুক্তিযোদ্ধা খেলায় ফিরেছে ৩০ মিনিটে। সানডেকে বক্সে ফেলে দেন ব্রাদার্সের ডিফেন্ডার ইউসুফ। পেনাল্টি কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান সানডে নিজেই (১-১)। ৮১ মিনিটে রুবেলকে লাথি মেরে লাল কার্ড দেখলেন মুক্তিযোদ্ধার জেরার্ড লেডক্স। তবে ১০ জনের বিপক্ষেও বাকি সময়ে ব্রাদার্স সুবিধা করতে পারেনি ব্রাদার্স।
কোচ সৈয়দ নঈমুদ্দিনের কণ্ঠে তাই হতাশা ঝরল, ‘জয়ের ধারাটা ধরে রাখতে পারলাম না বলে একটু খারাপ লাগছে। তবে এটাই ফুটবল। কোনো দিন জিততে পারবেন, কোনো দিন পারবেন না।’