লাল কার্ড থেকে রেফারির ‘রক্তপাত’
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ফিরে এল রেফারি-লাঞ্ছনার নিন্দনীয় ঘটনা। পরশু বাংলাদেশ লিগে ঢাকা মোহামেডান বনাম চট্টগ্রাম মোহামেডান ম্যাচ চালিয়ে সন্ধ্যায় কিছু উগ্র সমর্থকের মারধরের শিকার হন রেফারি মিজানুর রহমান। হাসপাতালে চিকিৎসা পর্যন্ত নিতে হয়েছে তাঁকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের ওই ম্যাচে মিজানুর রহমান চট্টগ্রাম মোহামেডানের একটি ন্যায্য পেনাল্টি দেননি। পরে লাল কার্ড দেখিয়েছেন ঢাকা মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার এমেকা লাকিকে। কিন্তু রেফারির আনুকূল্য পেয়েও ‘লাল কার্ড’ মানতে পারেননি মোহামেডানের উগ্র সমর্থকেরা। মাঠেই এরা রেফারিকে তেড়ে গেছেন মারার জন্য। পরের ঘটনা কাল জানালেন মিজানুর, ‘ম্যাচের পর বাফুফে ভবনে যাচ্ছিলাম রিপোর্ট দিতে। সন্ধ্যা ৭টার দিকে ভবনের গেটে রিকশা থেকে নামতেই ওত পেতে থাকা ২০-২৫ জনের একটি দল আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। ওরা আমাকে বেদম মারধর করেছে। কিল, ঘুষি, চড়, লাথি—কিছুই বাদ যায়নি। আমার সঙ্গী আমাকে না বাঁচালে কী যে হতো জানি না! কাউকে চিনতে পারিনি। তবে একজন কোট পরা ছিল। এদের হিংস্রতা শেষে কাকরাইলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। মাথায় এক্স-রে করা হয়েছে। প্রথমে হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন ডাক্তাররা। পরে বাসায় চলে আসি। শরীরের অবস্থা খারাপ।’একটি লাল কার্ডের ঘটনায় এভাবে রেফারি লাঞ্ছিত হওয়াটা রেফারি সমাজের জন্যই উদ্বেগের। রেফারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য ইব্রাহিম নেসার তাই প্রচণ্ড ক্ষুব্ধ, ‘এমনিতেই আমাদের ফিফা রেফারি মাত্র তিনজন। উঠতি রেফারিদের মধ্যে মিজান একজন। তাঁকে এভাবে মারা মেনে নেওয়া যায় না। মোহামেডান জেতার পরও এই অবস্থা! হারলে তো মিজানকে মনে হয় মরতে হতো। তা-ও আবার ফেডারেশনের সামনে!’এ ঘটনার পরপরই রেফারিরা এমন নিরাপত্তাহীন অবস্থায় খেলা না চালানোর পক্ষে অবস্থান নেন। এ নিয়ে রাতেই অনেক দেনদরবার হয়েছে। বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি আশ্বাস দিয়েছেন, মাঠে এবং মাঠের বাইরে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে—এই আশ্বাস পেয়েই গতকাল ম্যাচ পরিচালনা করেন রেফারিরা। সালাম ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রেফারিদের কাছে।বাফুফের রেফারি কমিটির চেয়ারম্যান বশির আহমেদ তবু পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না, ‘এমনিতেই কেউ রেফারিং করতে চায় না। তার ওপর এভাবে মারধর করা হলে কে মাঠে আসবে খেলা পরিচালনা করতে!’সেদিন মাঠেই ছিলেন মোহামেডানের সমর্থক দলের সাধারণ সম্পাদক রফিকউদ্দিন। রেফারিকে মারধরের ব্যাপারে বললেন, ‘আমি রাতে ঘটনাটা শুনেছি। কারা রেফারিকে মারল কিছু জানি না!’ রেফারিসহ সংশ্লিষ্টদের রিপোর্ট পাওয়ার পর সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বাফুফে। কী ব্যবস্থা নেওয়া হয়, সেটিই দেখার।