লাল কার্ড দেখেও নায়ক সুয়ারেজ
লাল কার্ড দেখে কেউ মাঠের বাইরে গেলে তাঁকে আপনি কী বলবেন? নিশ্চয়ই তাঁর সম্পর্কে আপনার খারাপ ধারণা সৃষ্টি হবে। তবে ঘানার বিপক্ষে লাল কার্ড দেখেও অনুতপ্ত নন লুইস সুয়ারেজ। এমনকি এই লাল কার্ডই তাঁকে রাতারাতি যেন জাতীয় নায়কে পরিণত করেছে। সুয়ারেজ হাত দিয়ে বল না ঠেকালে যে কাল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়ে যেত উরুগুয়ের!নির্ধারিত সময়ে ১-১। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ঘানার আক্রমণের চাপে একেবারে কোণঠাসা উরুগুয়ে। নিশ্চিত একটা গোল পেয়ে যাচ্ছিল ঘানা। গোললাইনে দাঁড়িয়ে হাত দিয়ে বল ঠেকালেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। পেনাল্টি তো বটেই, সঙ্গে লাল কার্ড! তবে এই লালকার্ডই শাপে বর হয়ে দাঁড়ায় উরুগুয়ের। পেনাল্টি থেকে গোল করতে পারেননি ঘানার আসামোয়া গায়ান। শেষ পর্যন্ত টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে উরুগুয়ে!হাত দিয়ে সুয়ারেজ বল না ঠেকালে সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারত। তাই ম্যাচ সেরা ফুটবলার নির্বাচিত হওয়া ফোরলান ৪০ বছর পর উরুগুয়ের সেমিফাইনালে উঠার পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন সুয়ারেজকেই। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ফোরলান বলেছেন, ‘দিনটি দক্ষিণ আফ্রিকার করে দিয়েছে সুয়ারেজ। গোল খাওয়ার চেয়ে তাঁর বাইরে যাওয়াই আমাদের জন্য সুখকর। সুয়ারেজই ম্যাচটি বাঁচিয়ে দিয়েছে।’লাল কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না সুয়ারেজ। কিন্তু এ নিয়ে কোনো কষ্ট নেই তার, বরং খুশিই মনে হচ্ছে। তাহলে কি ইচ্ছা করেই হাত দিয়ে বল ঠেকিয়েছিলেন সুয়ারেজ? মুখে স্বীকার না করলেও হাবভাবে যেন স্বীকারই করে নিয়েছেন তিনি। সুয়ারেজ বলেছেন, ‘এভাবে মাঠের বাইরে যাওয়া ভালো দেখায় না। কিন্তু এ ছাড়া আমার কিছু করার ছিল না!’ সুয়ারেজ ইচ্ছা করে বল ঠেকিয়েছেন—এ অভিযোগ অবশ্য মানতে নারাজ অস্কার তাবারেজ। উরুগুয়ের এই কোচ বলছেন, ‘হ্যাঁ, সুয়ারেজ হাত দিয়ে বল ঠেকিয়েছে। কিন্তু এটা কি ইচ্ছাকৃত ছিল? আমি মনে করি, স্বাভাবিকভাবেই ঘটনাটি ঘটে গেছে। ঘানা যে পেনাল্টি মিস করবে, এটা নিশ্চয়ই সুয়ারেজ জানত না।’