লাল কার্ড যাঁদের রক্তে

সংগীত, অভিনয়, ক্রীড়া প্রতিভা—এগুলো নাকি মানুষের রক্তেই থাকে। বংশানুক্রমে প্রবাহিত হয়। শুধু এগুলোই নয়, লাল কার্ড দেখার প্রবণতাও যে বংশধারায় থাকতে পারে সেটাই গতকাল প্রমাণ করেছেন অ্যালেক্স সং।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৪০ মিনিটের মাথায় মারিও মানজুকিচকে পেছন থেকে কনুই দিয়ে গুঁতো মেরেছিলেন ক্যামেরুনের এই ডিফেন্ডার। ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষকে আঘাত করতে দেখে পকেট থেকে লাল কার্ড বের করতে দেরি করেননি রেফারি।
বিশ্বকাপে সং পরিবারের জন্য লাল কার্ড এটাই প্রথম না। ১৯৯৪ সালে মাত্র ১৭ বছর বয়সে লাল কার্ড দেখেছিলেন অ্যালেক্স সংয়ের ভাই রিগোবার্ট সং। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে লাল কার্ড দেখার রেকর্ডের পাশে আজও লেখা হয় রিগোবার্টের নাম।
১৯৯৮ সালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আবারও লাল কার্ড দেখেছিলেন রিগোবার্ট। দুটি বিশ্বকাপে লাল কার্ড দেখার রেকর্ডটিও তাঁর দখলে ছিল ২০০৬ সাল পর্যন্ত। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে বিখ্যাত ঢুঁশ-কাণ্ড ঘটিয়ে রিগোবার্টের পাশে নাম লিখিয়েছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।