এক ম্যাচ আগেই দূর করেছেন নিজের দীর্ঘ গোল-খরা। কোথায় নিজেকে ফিরে পেতে বাড়তি পরিশ্রম করবেন, তা নয় এনামুল হক অহেতুক লাল কার্ড দেখে ডেকে আনলেন দলের সর্বনাশ। এগিয়ে থেকেও ব্রাদার্সের বিপক্ষে কাল মুক্তিযোদ্ধার জিততে না পারার বড় কারণ এটাই।
অভিজ্ঞ এনামুল ৬০ মিনিটে খামোখাই কড়া ট্যাকল করলেন প্রতিপক্ষের ফয়সাল মাহমুদকে। ভুলে গিয়েছিলেন যে, প্রথমার্ধেই তাঁর একটা হলুদ কার্ড-দর্শন হয়ে গিয়েছিল। তাই বিরতির ঠিক আগে এনামুলেরই বানানো বলে এলিটা কিংসলের গোলে এগিয়ে গিয়েও মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম ছিলেন সতর্ক। এনামুলকে বিরতির সময় বলে দেন, দেখেশুনে খেলতে। কিন্তু এনামুল তা শুনলে তো!
নিজের দোষটা জানেন অভিজ্ঞ খেলোয়াড়। লাল কার্ডের পর তাই বিনা বাক্যব্যয়ে নত মাথায় মাঠ ত্যাগ করলেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা বিরল ছবি। লাল কার্ড দেখা মানে ঢাকার মাঠে হইচই দেখতেই অভ্যস্ত সবাই।
এদিন মুক্তিযোদ্ধার প্রতিক্রিয়াও ছিল শান্ত। এনামুলের নগ্ন ফাউল দেখে কোচ শফিকুল ইসলামই ক্ষুব্ধ, ‘ওর মতো খেলোয়াড়ের কাছ থেকে এমন ফাউল আশা করিনি। সতর্ক থাকতে বলে দেওয়ার পরও এমন কাণ্ড করা মানে দলেরই ক্ষতি। ওর লাল কার্ডই আমাদের চাপে ফেলেছে।’
মুক্তিযোদ্ধা ১০ জনের দল হতেই ব্রাদার্স তেড়েফুঁড়ে আক্রমণ করে। কেস্টার আকন হেডে ১-১ করেন ৭৪ মিনিটে। শেখ জামালে প্রথম খেলতে এসে বেশ নজরকাড়া এই নাইজেরিয়ান ব্রাদার্সের হয়ে কালই প্রথম গোল পেলেন লিগে।
এই ড্র ব্রাদার্সের কাছে যেন জয়েরই স্বাদ। মুক্তিযোদ্ধা প্রথমার্থে কিছুটা গুছিয়ে খেললেও দ্বিতীয়ার্থে ১০ জন হয়ে আর পেরে ওঠেনি। মুক্তিযোদ্ধার ভাগ্য ভালোই বলা উচিত। গোল নষ্ট করার অনেক বিলাসিতা ব্রাদার্স না দেখালে একটি পয়েন্টও পায় না মুক্তিযোদ্ধা।
তবে ড্র করেই ব্রাদার্স কোচ সৈয়দ নইমুদ্দিন বেশি খুশি। ব্রাদার্স আস্তে আস্তে মাথা তুলছে। তারুণ্যনির্ভর দলটি একেবারে খারাপ করছে না। ৭ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট যেখানে ১১, ব্রাদার্সের ৮। মন্দ কী!
গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেলের সঙ্গে এখন একই সমান্তরালে মুক্তিযোদ্ধা। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না হয়েও যৌথভাবে লিগ টেবিলের তৃতীয় স্থানে তারা। আফসোস, এনামুল লাল কার্ড পেয়েই শেখ রাসেলকে টপকে যেতে দিলেন না!