দুনিয়াজুড়ে তাবৎ ফুটবল-রোমান্টিকের মন হয়তো বলছিল ইতালি। তাদের ফুটবলটা যেন হঠাৎ করেই উড়ে বেড়াতে শুরু করল প্রজাপতির রঙিন ডানায়। সব বাধা, সব ভয় তুচ্ছ করে তারা ছুটছিল জলপ্রপাতের মতো। কিন্তু মস্তিষ্কে ঢেউ তুলছিল স্পেন। একগুচ্ছ ফুটবল জাদুকর তাদের সেরাটা না দিয়েও যখন শেষ মঞ্চে এসে দাঁড়ায়, সেখানেই তো থাকে সবগুলো পাপড়ি মেলে ফুল ফোটানোর প্রতিশ্রুতি! অদ্ভুত একটা দোলাচল তাই ছিলই। স্পেন না ইতালি, ইতালি না স্পেন। লাল গোলাপ না নীল শতদল! কিন্তু নীল পদ্মকে রক্তাক্ত করে ফুটল শেষে রক্ত-লাল গোলাপগুচ্ছ। ফাইনালের স্কোরলাইন ৪-০। কোনো বিশ্বকাপ, ইউরো, কোপা আমেরিকার ফাইনাল বিজয়ীদের এই নির্মমতা দেখেনি। পরশু কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে স্পেন তো নির্মমভাবেই খুন করল ইতালিকে। এই ইতালির সঙ্গে ১-১ ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল স্পেন। ওই ম্যাচে আন্তোনিও ডি নাতালের গোলে প্রথম এগিয়ে যাওয়া ইতালিই ছিল শ্রেয়তর দল। গ্রুপ পর্বে একমাত্র দুর্বল আয়ারল্যান্ড ছাড়া ফাইনালে ওঠা স্পেনকে আয়নায় যেমন দেখা গেছে, তা কিন্তু চ্যাম্পিয়নের চেহারা নয়। লাল জার্সির দলটি ফাইনালের আগ পর্যন্ত ছিল বর্তমান ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নের শ্রদ্ধা নিয়ে। সামর্থ্য ছিল শুধুই প্রতিশ্রুতির খোলসে। সমালোচনার তির ছুটে আসছিল চারদিক থেকে। যাঁর হাতে তাদের শ্রেষ্ঠত্বের নির্মাণপর্বের ভিত্তি পোঁতা, ২০০৮ ইউরো জেতানো সেই কোচ লুই আরাগোনেস পর্যন্ত বিরক্তিতে মাথা ঝাঁকাচ্ছিলেন। কিন্তু ভিসেন্তে দেল বস্ক এতটুকু নড়েননি তাঁর পরিকল্পনা থেকে। তাই ফাইনালেই দেখা গেল আসল স্পেনকে। নিজেকে হারিয়ে খোঁজা জাভি তাই আবার মাঝমাঠের জাদুকর, স্প্যানিশ অর্কেস্ট্রার কন্ডাক্টর। সেই সঙ্গে মিশল ইনিয়েস্তার ধারাবাহিকতা, ডেভিড সিলভার রেশমি পরশ, বুসকেটস-আলোনসোর অনমনীয়তা, জর্ডি আলবার চিতার ক্ষিপ্রতা, রামোস-পিকের অতন্দ্র প্রহরা। ইকার ক্যাসিয়াস আরও নিরেট দেয়াল হয়ে দাঁড়ালেন গোলবারের নিচে। স্পেনের সব কটি অস্ত্র যখন এমন বর্শা-ফলক হয়ে ওঠে, তাদের রুখবে এমন দল কোথায় বর্তমান পৃথিবীতে? ১৯৭০-এর পেলের ব্রাজিল, ১৯৭৪-এর বেকেনবাওয়ারের জার্মানি আর ২০০০-এর জিদানের ফ্রান্স পারত কি না তর্কসাপেক্ষ। সিজারে প্রানদেল্লির এই ইতালির পারার কথা ছিল না, পারেওনি। তবে স্পেন তাদের যেভাবে বর্শা-ফলায় গেঁথে ফেলল, সেটি ছিল অপ্রত্যাশিত। অথচ শুরুতে ইতালির দাপাদাপি ভালোই ছিল। কাসানো-মন্তেলিভো সমন্বয়ে প্রথমে নীল দলই যায় আক্রমণে। কিন্তু টিক টিক করে ঘড়ির কাঁটা এগোনোর সঙ্গে মাঝমাঠে সেই টিকি-টাকার ছন্দ। ১০ মিনিটে জাভির শটটা বারে বাতাস লাগিয়ে যাওয়ার পর থেকে স্পেন রীতিমতো ভয়ংকর। মাঝমাঠে জায়গা বানিয়ে পাসের জাল বোনা। ‘ফলস স্ট্রাইকার’ হিসেবে ফ্যাব্রিগাসের দ্রুত উঠে যাওয়া বক্সের মধ্যে। প্রথম গোলটার সময় হয়ে গিয়েছিল। ১৪ মিনিটে সেটা হলো চোখ জুড়ানো এক আক্রমণ থেকে। ইনিয়েস্তার বাড়ানো বল ফ্যাব্রিগাস কিয়েলিনিকে পরাস্ত করে ধরলেন বক্সে গোললাইনের কাছে গিয়ে। সেন্টার করলেন ঘুরে, নিজের ১৭০ সেন্টিমিটার শরীরটা সামনে ঠেলে হেড করলেন ডেভিড সিলভা। অবিশ্বাসে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না বুফনের। নগদ জবাব দিতেই এগোনো ইতালি মিনিট দুয়েকের একটা ঝড় বইয়ে দিয়েছিল স্পেন সীমানায়। পরপর তিনটি কর্নার কিকও নিয়েছিল আদায় করে। কিন্তু অতন্দ্র স্প্যানিশ রক্ষণ, তার চেয়েও সজাগ ক্যাসিয়াসকে তারা হার মানাতে পারেনি। এর পর ৪১ মিনিটে তরুণ আলবা জাভির পাস থেকে উসাইন বোল্টের গতিতে গিয়ে গোল করেই ভাগ্য গড়ে দেন ম্যাচের। ফাইনালে প্রথমার্ধেই দুই গোল খেয়ে ফিরে আসার উদাহরণ পৃথিবী এর আগে দেখেনি। বদলি হিসেবে ডি নাতালে তবু কয়েকবার চেষ্টা চালিয়েছেন। যদিও ক্লান্ত পায়ে ইতালি ফিরে আসতে পারত না। তার ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা ছিল মন্তোলিভোর বদলি নামা থিয়াগো মোত্তার হ্যামস্ট্রিংয়ে চোট। ৬২ মিনিটে স্ট্রেচারে মাঠ ছেড়ে যান এই মিডফিল্ডার। ইতালিও তখন স্ট্রেচারে। তিনজন খেলোয়াড় বদলে ফেলার পর আর কোনো খেলোয়াড় নামানোর সুযোগ ছিল না প্রানদেল্লির। ১০ জনের ইতালি বাকি ২৮ মিনিটে খেয়েছে আরও দুই গোল। পরের দুটি গোলই করেছেন বদলি দুই খেলোয়াড়। ফার্নান্দো তোরেস ৮৪ মিনিটে, হুয়ান মাতা ৮৮ মিনিটে।লালের উচ্ছ্বাসের পাশে নীল সৈনিকদের চোখে ঝরল শ্রাবণধারা। ‘নিষ্ঠুর’ স্প্যানিশরা সেই কান্নায় একটুও ভেজেনি। তারা যে তখন অবিশ্বাস্য ‘ত্রয়ী’ শিরোপা জয়ের উৎসবে উন্মাতাল। ইউরো-বিশ্বকাপ-ইউরো!!