লাল দুর্গে চোখ ফেদেরারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদের নীল কোর্ট জয়ের পর এবার লাল দুর্গে চোখ রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসের। মাদ্রিদের সাফল্যটা প্যারিসেও বয়ে নিতে চান টেনিসের দুই চ্যাম্পিয়ন। জয় করতে চান রোলাঁ গাঁরো, হাতে তুলতে চান ফ্রেঞ্চ ওপেন। পরশু টমাস বারডিচকে হারিয়ে মাদ্রিদে চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। মহিলা এককে এক নম্বর তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন সেরেনা।গতকাল শুরু হওয়া ইতালিয়ান ওপেনে অংশ নিতে ফেদেরার এখন রোমে। মাদ্রিদ ছাড়ার আগে নাদালকে টপকে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে ওঠা সুইস তারকা ফ্রেঞ্চ ওপেন নিয়ে ব্যক্ত করলেন আশা, ‘আমি জানি, ফ্রেঞ্চটা কতটা কঠিন। সবার নজর থাকবে নোভাকের ওপর, এটা জিতলেই টানা চারটি গ্র্যান্ড স্লাম জেতা হয়ে যাবে তাঁর। আলোটা রাফার ওপরেও থাকবে। কারণ সে-ই বর্তমান চ্যাম্পিয়ন। এটা দারুণ একটা প্রতিযোগিতা, তা ছাড়া আমিও বেশ ভালো খেলছি। দেখি শেষ পর্যন্ত কী হয়।’এক যুগ আগে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। অনেকে যেন ভুলেই গেছে। সেটা মনে করিয়ে দিয়ে সেরেনা বললেন, ‘আমি ক্লে ভালোবাসি, আমি ফ্রেঞ্চ ওপেন জিতেছি। জনশ্রুতি আছে, আমি ক্লে পছন্দ করি না। সত্যি হচ্ছে, আমি এটাকে ঘাসের চেয়েও বেশি পছন্দ করি। আমার লক্ষ্য প্যারিসে ভালো করা।’ মাদ্রিদে আগেভাগেই বিদায় নেওয়া নোভাক জোকোভিচ শাপ-শাপান্ত করেছিলেন নীল কোর্টের। রোমে এসে পেয়েছেন প্রিয় লাল কোর্ট। তাই ইতালিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ যেন একটু বেশিই উচ্ছ্বসিত, ‘নীল মাটির পর এই মাটিটাকে (লাল) স্বর্গ মনে হচ্ছে।’ এএফপি, রয়টার্স।