প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ফ্রেঞ্চ ওপেন জিতে শুধু বিয়ন বোর্গকেই পেছনে ফেলেননি রাফায়েল নাদাল, ছুঁয়েছেন ৫০টি এটিপি শিরোপার মাইলফলকও। ৫০টি শিরোপা জেতা নবম পুরুষ খেলোয়াড় হলেন নাদাল। এই ৫০টি শিরোপার ৩৬টিই এসেছে প্রিয় ক্লে কোর্টে। এর মধ্যে আছে সাতটি ফ্রেঞ্চ ওপেন, আটটি মন্টে কার্লো মাস্টার্স, সাতটি বার্সেলোনা ওপেন ও ছয়টি রোম মাস্টার্স। উন্মুক্ত যুগে একমাত্র নাদালই একের বেশি টুর্নামেন্ট সাতবার করে জিতেছেন। ক্লে কোর্টে নাদালের পরিসংখ্যান অবিশ্বাস্য। এই সারফেসে ২৭৩টি ম্যাচ খেলে মাত্র ১৯টিতে হেরেছেন ১১টি গ্র্যান্ড স্লামের মালিক। জয়ের হার শতকরা ৯৩.০৪ ভাগ। কাছাকাছি আছেন বিয়ন বোর্গ (৮৬.২৭)। এই সুইডিশ ২৮৪টি ম্যাচ খেলে জিতেছেন ২৪৫টিতে, হেরেছেন ৩৯টিতে। সব সারফেসেও ম্যাচ জয়ের হারে নাদালই সবার ওপরে (৮২.৮৮)।