লাল দেয়াল ভেঙে ব্রাজিলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন শুধু বাঁশি শোনার অপেক্ষাটাই ছিল। হাঙ্গেরিয়ান রেফারি ভিক্টর কাসাই খেলা শুরুর বাঁশি বাজানোর পর পরই নিজেদের রক্ষণভাগে দেয়াল গড়ে তুলল উত্তর কোরিয়া। পাঁচ ডিফেন্ডারের সঙ্গে তিনজন ডিফেন্সিভ মিডফিল্ডার—সেই বিখ্যাত ‘লাল দেয়াল’।যে লাল দেয়াল উত্তর কোরিয়াকে ৪৪ বছর পর বিশ্বকাপে এনেছে, যে লাল দেয়াল এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে পেছনে ফেলেছে সৌদি আরব-ইরানকে, সেই লাল দেয়াল পরশু ভোগাল ব্রাজিলকেও। শেষ পর্যন্ত জয়টা এসেছে, কিন্তু তার আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শঙ্কার দোলাচলে দুলিয়েছে উত্তর কোরিয়া। ভাববেন না স্রেফ ব্রাজিল বলেই এমন খেলেছে তারা, উত্তর কোরিয়ানদের খেলার ধরন বরাবরই এমন। বাছাইপর্বের গ্রুপ পর্বে ১৪ ম্যাচে তারা গোল করেছে মাত্র ১১টি, খেয়েছে ৫টি। গোলশূন্য ড্র পাঁচ ম্যাচে।লাল দেয়াল যথেষ্ট বিরক্ত করেছে, ম্যাচশেষে কোনো রাখঢাক না রেখেই বলেছেন কার্লোস দুঙ্গা, ‘আপনি তখনই জায়গা নিয়ে খেলতে পারবেন, যখন প্রতিপক্ষ আক্রমণ করে। কিন্তু তারা যদি নিজেদের দুয়ার বন্ধ করে রাখে, তাহলে সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায়।’ তবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে র‌্যাঙ্কিংয়ে বিশ্বকাপের সবচেয়ে নিচে থাকা দলের লড়াইয়ে এসব তো আর কোনো অজুহাত হতে পারে না। যার কাছে জয়টাই সবকিছুর আগে, সেই ব্রাজিল কোচও তাই জানিয়ে দিয়েছেন দলের খেলায় ঠিক সন্তুষ্ট নন তিনি, ‘জয় পেয়ে আমি খুশি, কিন্তু আমি আরও চাই। আরও বেশি গোল দেখতে চাই।’১৯৩৪ বিশ্বকাপের পর কোনো বিশ্বকাপেই প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল, ড্র করেনি ১৯৭৮ বিশ্বকাপের পর। দুবারই প্রতিপক্ষ ছিল স্পেন। গোলশূন্য প্রথমার্ধের পর মনে হচ্ছিল ব্রাজিলিয়ানদের প্রায় ভুলতে বসা অভিজ্ঞতাটার সঙ্গে পরশু নতুন করে পরিচয় করিয়ে দেবে উত্তর কোরিয়া। কোনো গোল হয়নি, তার চেয়েও বড় শঙ্কাটা ছিল, বলার মতো কোনো সুযোগই সৃষ্টি করতে পারেননি ফ্যাবিয়ানো-কাকারা। দুঙ্গাও স্বীকার করেছেন, প্রথমার্ধের খেলা শঙ্কিত করেছিল তাঁকে, ‘প্রথমার্ধে আমরা মোটেও ভালো খেলতে পারিনি। খেলোয়াড়রা ঠিকমতো দৌড়ে জায়গায় যেতে পারছিল না। দ্বিতীয়ার্ধে অবশ্য ভালো হয়েছে।’দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ ছিল শাণিত, অনেক গোছানো। তবে লাল দেয়ালে চিড় ধরানো যাচ্ছিল না কিছুতেই। মনে হচ্ছিল, গোল পেতে হলে দেখাতে হবে বিশেষ কিছু। সেই ‘বিশেষ কিছু’ করলেন মাইকন। এমন কোনো দুরূহ কোণ থেকে গোলে কিক নেবেন, এক মাইকন ছাড়া ভাবতে পারেননি কেউই। মাইকনের ক্রস নেওয়ার জন্য বক্সের ভেতর অপেক্ষা করছিলেন সতীর্থরা, কোরিয়ান গোলকিপারও কাছের গোলবারটাকে সামান্য একটু ছেড়ে ক্রসটাকেই লুফে নেওয়ার কথা হয়তো ভাবছিলেন। কিন্তু ক্রস না করে কোরিয়ান গোলরক্ষক আর গোলবারের মাঝের সামান্য ফাঁকা জায়গা দিয়ে মাইকন ছুড়ে দিলেন এক গোলা, জড়িয়ে গেল জালে।৭২ মিনিটে এলানোর করা গোলটিকে অবশ্য অনায়াসেই রবিনহোর বলে চালিয়ে দেওয়া যায়। ব্রাজিলের আক্রমণভাগে নামের প্রতি সুবিচার করা রবিনহোর ডিফেন্স-চেরা বুদ্ধিদীপ্ত পাসের পর এলানোর কাজ ছিল স্রেফ গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠানো। ৮৯ মিনিটে জি ইয়ুন নামের গোল আবার হূদকম্পন বাড়িয়ে দিয়েছিল ব্রাজিলিয়ানদের। তবে মাঠ ছেড়েছে তারা ৩ পয়েন্ট পাওয়ার স্বস্তিতেই।দুঙ্গার দাবি, ব্রাজিলের এই আড়ষ্টতা প্রথম ম্যাচ বলেই। ম্যাচটা কঠিন ছিল, মানছেন এলানোর বদলি হিসেবে নেমে পরশু মিডফিল্ডে খেলা দানি আলভেজ, ‘লড়াইটা কঠিন ছিল, তবে শেষ পর্যন্ত জয়টা আমাদেরই হয়েছে, ৩ পয়েন্ট আমরাই পেয়েছি। সব মিলিয়ে আমি খুশিই।’ গোলরক্ষক হুলিও সিজারের আবার ব্রাজিলের খেলা দেখে মনে পড়েছে তাঁর ক্লাব ইন্টার মিলান ও বার্সেলোনাকে, ‘আজকের (পরশু) ব্রাজিলকে দেখে আমার মনে হয়েছে ইন্টার আর বার্সেলোনার সংমিশ্রণ। ন্যু ক্যাম্পে দু দলের ম্যাচটির কথা আমার মনে পড়ছে।’ পুরো ম্যাচে বলার মতো তেমন কিছু করতে না পারলেও খুশি কাকা, ‘পুরো মৌসুমে চোটের সঙ্গে আমাকে যেভাবে লড়াই করতে হয়েছে, তাতে প্রথম ম্যাচে মাঠে নামতে পেরেই আমি খুশি। দলের জয়টাও দারুণ, আমি নিজেও খুব ভালো বোধ করছি।’ সবাই কষ্টার্জিত জয় বললেও, রবিনহোর কাছে আবার মনে হয়েছে জয় এসেছে সহজেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হয়তো বলেছেন ডিফেন্ডার হুয়ান, ‘আজ (পরশু) আমরা যথেষ্ট করেছি, কিন্তু আরও উন্নতি করতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।