লাল দেয়ালের এবার পর্তুগিজ-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ভাগ্যটা দেখুন, ৪৪ বছর পর বিশ্বকাপে এসেছে তারা, র‌্যাঙ্কিংয়ে বিশ্বকাপের দলগুলোর মধ্যে সবার শেষে। অথচ প্রথম দুটি ম্যাচই খেলতে হচ্ছে তাদের কিনা র‌্যাঙ্কিংয়ের এক ও তিন নম্বর দলের সঙ্গে! উত্তর কোরিয়া অবশ্য ভয় পাচ্ছে না, তাদের তো ‘লাল দেয়াল’ আছে!এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকেই উত্তর কোরিয়ার ডিফেন্সের নাম হয়ে গেছে লাল দেয়াল। তাদের জার্সির রং লাল, আর রক্ষণভাগ দেয়ালের মতোই কঠিন। বাছাইপর্বের গ্রুপ পর্বে ১৪ ম্যাচে উত্তর কোরিয়ার জালে প্রতিপক্ষরা বল ঢোকাতে পেরেছিল মাত্র ৫ বার। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা যথেষ্ট ভুগিয়েছে ব্রাজিলকেও। আজ পর্তুগালের বিপক্ষেও একই কৌশল নিয়ে নামবে তারা—চার ডিফেন্ডার ও তিন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে সুরক্ষিত রক্ষণভাগ।প্রতিপক্ষের কৌশলটা জানে পর্তুগালও। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা যেমন বলেছিলেন, সেই একই কথা শোনা গেল পর্তুগাল কোচ কার্লোস কুইরোজের কণ্ঠেও, ‘কোনো দল যদি ডিফেন্সে আঠার মতো লেগে থাকে, উপরে উঠতে না চায়, তাহলে তাদের বিপক্ষে খেলা কঠিন।’ তবে কণ্ঠে অসহায়ত্ব প্রকাশ করে বসে থাকলেই তো লাভ নেই, খুঁজে বের করতে হবে জয়ের উপায়। একটা পথ তাই কুইরোজও বের করেছেন, ‘প্রথম ম্যাচে আমরা ঝুঁকি অনেক কম নিয়েছিলাম, বড় টুর্নামেন্টে তা খুবই স্বাভাবিক। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে আমাদের একটু বেশি ঝুঁকি নিয়ে খেলতে হবে। ক্রমাগত আক্রমণ করে ওদের ডিফেন্সে ফাঁক বের করার চেষ্টা করতে হবে।’এই ফাঁক বের করায় কুইরোজের সবচেয়ে বড় ভরসা যিনি, সবচেয়ে বড় চিন্তাও সেই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ভুগছেন গোল-খরায়। প্রতিযোগিতামূলক ফুটবলে তাঁর শেষ গোল দু বছরেরও বেশি আগে, প্রীতি ম্যাচে দেড় বছর আগে। পর্তুগাল বাছাইপর্ব উতরেছে রোনালদোর গোল ছাড়াই। গোল না পেয়েও অবশ্য প্রথম ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচ-সেরা হয়েছিলেন পর্তুগাল অধিনায়ক। কোচ কুইরোজও জানিয়ে দিয়েছেন রোনালদোর গোল নিয়ে চিন্তার কিছু নেই, যেকোনো মুহূর্তে আসবে গোল।৪৪ বছর আগে নিজেদের প্রথম বিশ্বকাপে উত্তর কোরিয়ার স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছিল এই পর্তুগালই, কোরিয়া হেরেছিল ৩ গোলে এগিয়ে গিয়েও। আজ পর্তুগিজদের রুখে দিয়ে ফুটবল-বিশ্বকে আরও একবার চমকে দিতে চায় তারা। ভরসা সেই লাল দেয়াল!পর্তুগাল-উত্তর কোরিয়াসিমাও সাব্রোসাআজ সেরা একাদশে থাকতে পারেন, তবে পর্তুগালের হয়ে খেলা ৮২ ম্যাচের বেশির ভাগই নেমেছেন বদলি হিসেবে। এতেই গোল ২১টি। এবার বাছাইপর্বেও সিমাও সাব্রোসা ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা। গতি তাঁর বড় সম্পদ, দারুণ দক্ষ ফ্রি-কিকেও। সেরা একাদশে থেকে হোক বা বদলি নেমে, এই উইঙ্গার আজও গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য।চা জং-হুকউত্তর কোরিয়ার তারুণ্যদীপ্ত ডিফেন্সে আস্থার মূর্ত প্রতীক চা জং-হুক, মাত্র ২৪ বছর বয়সেই দেশসেরা ডিফেন্ডার। ব্রাজিলের বিপক্ষে খেলেছেন রাইট ব্যাকে, তবে খেলতে পারেন বা পাশে বা সেন্ট্রাল ডিফেন্সেও। প্রয়োজনে ওপরে উঠে জোগাতে পারেন আক্রমণের রসদ। আজ রোনালদো-লিডসনদের সামলানোর দায়িত্ব থাকবে তাঁর।