লাল-সবুজের টানে...
চোখে স্বপ্ন। লাল-সবুজ জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবল খেলবেন। সেই স্বপ্ন এঁকে কালই ঢাকা এসেছেন দুই ‘প্রবাসী’ ফুটবলার জামাল ভূঁইয়া ও আনন্দ রহমান।প্রথমজনের জন্ম ডেনমার্কে। দ্বিতীয়জনের জন্ম ঢাকার মোহাম্মদপুরে, ১৯৯৩ সালে। মাত্র এক বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় শিশু আনন্দ। সেই শিশুই এখন কুড়ি বছরের যুবক। জামালের বয়স ২৩। দুই তরুণ গতকালই যোগ দিয়েছেন জাতীয় দলের সাফ ক্যাম্পে। জামাল অবশ্য বছর দুয়েক আগেও জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে এসেছিলেন বাংলাদেশে। কিন্তু পাসপোর্ট জটিলতায় বাধ্য হয়েছিলেন ফিরে যেতে। অন্যদিকে বাংলাদেশের ফুটবলের সঙ্গে আনন্দ রহমানের পরিচয় এই প্রথম।জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার খুঁজছিলেন। দুজনই ওয়েবসাইটে সেই খোঁজ পেয়ে কোচের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় এসেছেন ট্রায়াল দিতে। ডি ক্রুইফের ক্যাম্পে আসবেন আরও একজন প্রবাসী ফুটবলার। নাম রিয়াসাত খাতন, থাকেন জার্মানিতে। দু-তিন দিনের মধ্যে তাঁর ঢাকায় আসার কথা।আনন্দ ছোটখাটো গড়নের। খেলেন মাঝমাঠে। তাঁকে নিয়েই কাল বাফুফে ভবনে সবার কৌতূহল। বাংলা বলতে পারেন। তবে ইংরেজিতেই বেশি স্বচ্ছন্দ। জানালেন, বাংলাদেশে এবার নিয়ে তৃতীয়বার এলেন। গ্রামের বাড়ি রাজশাহী। সিডনিতে থাকেন পরিবারের সঙ্গে। বিবিএ পড়েন, আবার ব্যবসাও করেন। সিডনির স্থানীয় দ্বিতীয় বিভাগ লিগে খেলেন সিডনি সিটির হয়ে। এ মৌসুমে ২৪ ম্যাচে করেছেন ১০ গোল। বাংলাদেশের ফুটবল সম্পর্কে তেমন ধারণা নেই। তবে ২০১০ এসএ গেমসে বাংলাদেশ-ভারত ম্যাচটা দেখেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে। সেই ম্যাচ দেখতে দেখতেই জাতীয় দলে খেলার স্বপ্নের বীজ বোনেন। ‘বাংলাদেশ দলে খেলার ইচ্ছে ছোটবেলা থেকেই দেখতাম। তবে ওই ম্যাচটা দেখেই স্বপ্নটা আরও বড় হয়। তাই এবার সুযোগ পেয়ে সেটিকে কাজে লাগাতে চলে এলাম’—বিকেলে বাফুফের টার্ফে অনুশীলনে নামার আগে বলছিলেন আনন্দ। জামাল ভূঁইয়ার বাড়ি কিশোরগঞ্জ। কোপেনহেগেনে দ্বিতীয় বিভাগের দল হেলেরাপ আইকে তাঁর বর্তমান ঠিকানা। আগেরবার হতাশা নিয়ে ফিরে যাওয়া জামাল মাঝে কিছুদিন ফিলিপাইনে খেলেছেন। এখন লক্ষ্য একটাই, কোচের নজর কেড়ে বাংলাদেশ জাতীয় দলে স্থায়ী হওয়া, ‘মানুষের জীবনে সুযোগ বেশি আসে না। আগেরবার সুযোগ না-পাওয়ার দুঃখটা এবার ভুলতে চাই। কোচকে মুগ্ধ করে সাফ দলের প্রথম একাদশেই জায়গা পাওয়াই এখন আমার ধ্যানজ্ঞান।’ দুই ‘অতিথি’ ফুটবলারকে কেমন দেখলেন? জাতীয় দলের সহকারী কোচ গোলাম জিলানীর ভাষ্য, ‘আগেরবারের চেয়ে ভালো অবস্থায় দেখলাম জামালকে। আনন্দকে মনে হলো ক্লান্ত। হয়তো একটু সময় লাগবে মানিয়ে নিতে।’