লাল-সাদা মিউনিখের জিমি
গত ৫ মে, মিউনিখে নিকোলাই ডোম্বোর বাড়িতে নিমন্ত্রণ। গেট দিয়ে ঢুকতেই সমস্বরে শুভ জন্মদিন...শুভ জন্মদিন...অভ্যর্থনা। ডোম্বোর মা-বাবা কেক-টেক এনে হুলুস্থুল কাণ্ড করলেন। রাসেল মাহমুদ জিমি তো অবাক, ‘ওরা আমার জন্মদিন জানল কীভাবে!’ রেড হোয়াইট মিউনিখ হকি দলের অধিনায়ক ডোম্বোই নাকি সেদিন সতীর্থ জিমিকে বলেছিলেন, ‘তোমার সব খবরই আমরা রাখি। তাই এই জন্মদিনের পার্টি।’অভিভূত জিমি। বাংলাদেশের আরও দুই খেলোয়াড় মশিউর রহমান বিপ্লব ও মামুনুর রহমান চয়নও ছিলেন। জিমির জন্মদিনের অনির্ধারিত এই অনুষ্ঠানে। ‘চয়ন, বিপ্লব আর আমি মিলে সেখানে ‘বাংলা’ রান্না-টান্না করে খেয়েদেয়ে ফিরেছিলাম’—জিমির স্মৃতিতে দিনটা ভাস্বর। রেড হোয়াউট মিউনিখকে দক্ষিণ জার্মানির চ্যাম্পিয়ন করে আসতে পারা জিমির জন্য আরও বড় স্মরণীয় ঘটনা। আগামী সেপ্টেম্বরে বুন্দেসলিগার ডিভিশন টুতে খেলবে তাঁর দল। এবার হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিক ফিরতি পর্বে যাতে নয় ম্যাচে ৭ গোল করে বাংলাদেশের হকির ‘মুখ’ হয়ে ওঠা জিমির বড় অবদান। গ্রামীণফোন-প্রথম আলো ২০১২ বর্ষসেরা রানারআপের পুরস্কার হাতে তুলেই জিমি ফিরতি পর্বটা খেলতে যান। তাতে ঔজ্জ্বল্য ছড়ানোর সুবাদে আগামী সেপ্টেম্বরে নতুন মৌসুমেও একই দলে খেলার আগাম খেলার প্রস্তাব পেলেন। এই সুখবর নিয়ে তিন দিন আগে জিমির দেশে ফেরাটা হলো একটু অন্য রকম।কিন্তু ভুলতে পারছেন না সেই মজার কাণ্ডটা! রেড হোয়াইট ক্লাবের একটা জার্সি লাল, আরেকটা সাদা। ১৯ নম্বর জার্সি পরতেন জিমি। অথচ শেষ চারটি ম্যাচ খেলেছেন সতীর্থ চয়নের ২০ নম্বর লাল জার্সি পরে! ‘চয়ন ভুল করে আমার জার্সি নিয়ে এসেছে ঢাকায়। তাই চয়নের জার্সিই হয়ে যায় আমার ভরসা। আমার শর্টস ১৯ নম্বর, জার্সি ২০!’ জিমির মুখে হাসি থামছিলই না কাল বলার সময়। সতীর্থরা এটা বেশ উপভোগ করতেন। জার্সি গন্ডগোলে জিমিকে ‘চায়ান’, ‘চায়ান’ ডাক শুনতে হতো! ম্যাচের আগে আম্পায়ারকে জার্সির বিষয়টা জিমি জানাতেন। আম্পায়ার নাকি হেসে বলতেন, ‘সমস্যা নেই। তোমার নামে কার্ড হবে না, ওটা চায়ানের নামে হবে (হা হা)!’মাঠের বাইরেও সময়টা কেটেছে অন্য রকম। ‘ক্লাব থেকে বাইসাইকেল দিয়েছিল ঘোরার জন্য। একদিন কথা বলতে বলতে রাস্তায় ভুল দিকে চলে গিয়েছিলাম, আমাকে বাইসাইকেলে দেখে এক মহিলা ২০ গজ দূরে গাড়ি থামিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। পরে আমি হাত উঁচিয়ে স্যরি-টরি বুঝিয়ে চলে এসেছি। নিজের কাছেই খুব খারাপ লেগেছিল, এখানে তো আইন ভাঙা যাবে না’—জিমির কাছে জার্মান সফর বড় এক শিক্ষাও।বিপ্লবকে নিয়ে থাকতেন কোচ পিটার গেরহার্ডের (বাংলাদেশের সাবেক কোচ) বাড়িতে আলাদা ফ্ল্যাটের একটা কক্ষে। একমাত্র বিদেশি সতীর্থ ভারতীয় জাতীয় দলের অন্যতম খেলোয়াড় প্রভজোত সিং পাশের রুমে। কাছাকাছি থাকা বড় বিপণিবিতানে দেওয়া আড্ডায় তাঁর সঙ্গী হতেন ওই প্রভজোত। অন্য দলে খেলা বিপ্লবকে সঙ্গে নিয়ে মাঝেমধ্যে বেরোতেন। স্থানীয় জার্মান শিশুদের স্টিকের কারিকুরি দেখাতেন। ‘বিদেশিরা’ স্থানীয় শিশুদের একটু দেখিয়ে দিলে অভিভাবকেরা উৎসাহিত হয়। জিমি-বিপ্লব এটা করতেন প্রায়ই।ম্যাচ জেতার পর পাটি-টার্টিতে যোগ দেওয়ার সুযোগ হতো নিয়মিতই। বিপ্লবের ‘বাংলা’ খাবারই চাই, কিন্তু জিমি খেতেন গেরহার্ডের স্ত্রীর রান্না করা জার্মান খাবার। ম্যাচ খেলতে ভ্রমণ করতে হতো ৪-৫ ঘণ্টা পথ। খেলোয়াড়েরা নিজ গাড়িতেই যেতেন ভেন্যুতে। জিমি আর প্রভজোতের বাহন ছিল কোচের গাড়ি। এই গেরহার্ডের কল্যাণেই জিমিদের সামনে খুলেছে ইউরোপের হকির দুয়ার। এখন নানা দিক থেকে প্রস্তাব পেয়ে ভালো লাগছে জিমির। দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা টেন স্পোর্টসে দেখে এখন সবাই বাংলাদেশের হকি সম্পর্কে জানে। জার্মানিতে সবাই তাই আগ্রহ দেখাচ্ছে জিমিদের নিয়ে। জিমির কাছে এটি মধুরতম অনুভূতি।জিমি নিজে অভিভূত জার্মান ক্লাবের সুযোগ-সুবিধা দেখে। ক্লাবের মাঠ অনেকগুলো, জিম, আধুনিক ড্রেসিংরুম, নিজস্ব ফুড রেস্টুরেন্ট। এলাহি ব্যাপার। বছর তিনেক আগে প্রথম খেলতে গিয়ে টাকাপয়সা সেভাবে পেতেন না। এখন মাসে সাড়ে সাত-আট শ ইউরো পাচ্ছেন। যাওয়া আসা-থাকা-খাওয়া, মুঠোফোনসহ সব খরচ ক্লাবের। জিমির ভাষায়, ‘এখন অবস্থা বেশ ভালো!’ কিন্তু আবহাওয়া বেকায়দায় ফেলেছিল শুরুর দিকে। মার্চের তীব্র শীতে সমস্যা হয়েছিল। খেলতে পারছিলেন না ভালো। সতীর্থরাই নাকি দোয়া করেছেন রোদ ওঠার জন্য! এই জায়গাতেই টিমমেটদের কথা ভুলতে পারছেন না। ‘ওরা সব সময়ই উৎসাহ দিয়েছে। বলত, তুমি গোল করাচ্ছ। নিজে করছ না কেন?’জার্মান সতীর্থরা তাঁর কাছে ‘বাংলা’ শিখতেন, ‘কেমন আছো’, ‘ভালো আছি’। জিমিও জার্মান ভাষা টুকটাক রপ্ত করে ফেলেছেন, ‘...ওরা হ্যালোকে বলে ‘চেউস’, বাইকে ‘চাও’। এগুলো মুখস্থ করতাম ওদের সঙ্গে।’ একই সঙ্গে জার্মানদের মনও জয় করেছেন আরমানিটোলার ছেলে।