লালে-নীলে জাবালেতা

মুখে ব্যান্ডেজ, কেশহীন মাথায় নীল পরচুলা লাগানো। ম্যাচ শেষে উদ্যাপনে পাবলো জাবালেতাকে দেখে মনে হচ্ছিল হাসপাতাল থেকে কোনো আমুদে দর্শক বুঝি সোজা মাঠে চলে এসেছেন। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ওই অবস্থাতে সেলফিও তুললেন। বাঁধভাঙা উদ্যাপন যেন শেষই হতে চাচ্ছিল না। অথচ মাঠে চোট পেয়ে এমনভাবে মাটিতে লুটিয়ে পড়েছিলেন, তাতে তো মনে হয়েছিল জাবালেতাকে বুঝি তখনই হাসপাতালে নিয়ে যেতে হবে!
তখন অতিরিক্ত সময়ের খেলা চলছে। হল্যান্ডের ডার্ক কাউটের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন পাবলো জাবালেতা। সবুজ ঘাসে গাড় রক্তের দুয়েক ফোঁটাও বুঝি পড়ল। আর্জেন্টাইন অধিনায়ক, কোচ সবাই তখন দুশ্চিন্তায় আচ্ছন্ন। আর্জেন্টিনা যে ততক্ষণে তিনজন খেলোয়াড় বদলের সুযোগ নিয়ে ফেলেছে! তবু জাবালেতা শেষ পর্যন্ত খেললেন। মুখে টিস্যু গুঁজে দিয়ে হলেও তীব্র ব্যথা লাঘবের চেষ্টা করলেন। রোবেনদের নিষ্ক্রিয় করে রাখলেন ম্যাচজুড়েই। ম্যাচ শেষে অমন উদ্যাপন তো তাঁকেই মানায়! মেইল অনলাইন।