লালে লাল...
বিশ্বকাপের তৃতীয় দিনে মাঠে ছয় দলের শুধু সার্বিয়ার জার্সিটাই ছিল লাল। তবে ‘লাল’ কিন্তু আছে তিন ম্যাচেই, পরশুর তিনটি ম্যাচই দেখেছে লাল কার্ড। বিশ্বকাপের প্রথম দিন শুরুটা করেছিলেন উরুগুয়ের নিকোলাস লোডেইরো। একটা দিন লাল কার্ড দেখানোতে বিরতি ছিল, পরশু এক দিনেই লাল কার্ড দেখলেন তিনজন। এর মধ্যে শেষটি দেখেছেন টিম কাহিল, তবে একটি দিক থেকে আবার তিনি ‘প্রথম’। এই বিশ্বকাপের প্রথম সরাসরি লাল কার্ড দেখেছেন অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড। সকারুসদের সবচেয়ে বড় তারকা অবশ্য লাল কার্ড পাওয়ার মতো অপরাধ করেছেন বলে মানছেন না। টেলিভিশন রিপ্লেতেও দেখা গেছে বড়জোর হলুদ কার্ড পেতে পারতেন তিনি।আলজেরিয়ার আবদেল কাদেরের লাল কার্ডের জন্য অবশ্য তাঁর খামখেয়ালিপনাই দায়ী। স্লোভেনিয়ার বিপক্ষে ৫৯ মিনিটে অযথা এক ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন। ১৪ মিনিট পর দ্বিতীয়টি দেখলেন হেড করতে ব্যর্থ একটি লব হাত দিয়ে ফিরিয়ে। সার্বিয়ার আলেকজান্ডার লুকোভিচ দুটি হলুদ কার্ড দেখেছেন ২০ মিনিটের মধ্যে। দুটি লাল কার্ড দুটি ম্যাচের ফলাফলে রেখেছে বড় অবদান। লাল কার্ডের আগে দুটো ম্যাচই ছিল গোলশূন্য, কিন্তু একজন কম নিয়ে খেলা দু দলই পরে হেরেছে ১-০ গোলে।সব মিলিয়ে প্রথম আট ম্যাচে চার লাল কার্ড। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৮টি লালকার্ডের রেকর্ড হয়েছে গত বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা কি তবে ছাড়িয়ে যাবে জার্মানিকেও? এখনো পর্যন্ত ইঙ্গিতটা তো সে রকমই!