লালের নয়, সাদা-কালোরই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইব্রেকারে নিজেদের শেষ শটটা জালে ঢুকতেই বাঁধনহারা ছুট মোহামেডান খেলোয়াড়দের। এ উচ্ছ্বাস মৌসুমে নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলার । শামসুল হক
টাইব্রেকারে নিজেদের শেষ শটটা জালে ঢুকতেই বাঁধনহারা ছুট মোহামেডান খেলোয়াড়দের। এ উচ্ছ্বাস মৌসুমে নিজেদের প্রথম শিরোপা ঘরে তোলার । শামসুল হক

প্রথমবারের মতো লাল উৎসব দেখতে চাইছিল অনেকে। কিন্তু উৎসবের রং শেষ পর্যন্ত সাদা-কালো।
লাল হলো বিপ্লবের প্রতীক। কাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে লালের মধ্যে নিরুচ্চারে ওটা থাকলও। স্বাধীনতা কাপ জিততে পারলে রংটা আরও খোলতাই হতো। অতটা হয়তো হয়নি। কিন্তু রানার্সআপ হয়েও যেভাবে সবার সম্মান পেল লাল জার্সির ফেনী সকার ক্লাব, সাদা-কালো উৎসবের মধ্যেও এতটুকু বর্ণ হারায়নি।
প্রবল প্রতিপক্ষ মোহামেডানের চাপ ১২০ মিনিট ভালোভাবেই সামলাল সকার। গোলশূন্য স্কোরলাইন দুয়ার খুলে দিয়েছিল সকারের সামনে। টাইব্রেকার নামের ভাগ্যপরীক্ষায় জিতে এই প্রথম জাতীয় স্তরে কোনো ট্রফি জেতার হাতছানি! কিন্তু বহু ফাইনালের পোড়-খাওয়া মোহামেডান অভিজ্ঞতা দিয়ে বের করে নিল টাইব্রেকার। মাথা ঠান্ডা রেখে টাইব্রেকার-পরীক্ষায় উত্তীর্ণ মোহামেডানের জয় ৫-৪ গোলে। তবে স্কোরলাইন নয়, শেষ বাঁশির আগ পর্যন্ত ফেনী সকারের সমর্থকদের উচ্ছ্বাসই মনে থাকবে বেশি।
ফাইনাল শুরুর আগে বাড্ডা-রামপুরা-মালিবাগে মাইকে শোনা গিয়েছিল, সুধী দর্শক...। ঢাকার বিভিন্ন অংশে এভাবে দর্শকদের আমন্ত্রণ জানানো হলো ম্যাচটা দেখতে। সেই ডাকে সাড়া মিলল ভালোই। গ্যালারিতে আট-দশ হাজার দর্শক।
একটা অংশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢোকার মুখে মানবদেয়াল তৈরি করে দাঁড়িয়ে। ফেনী সমিতি, কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতিসহ আরও কিছু সংগঠনের কর্মীদের হাতে ব্যানার। সবগুলোতেই ফেনী সকারকে অভিনন্দন। আবাহনী গ্যালারিতে বসে ফেনীর এই সমর্থকেরা নেচেগেয়ে আনন্দ করতে থাকল, যদিও শেষ পর্যন্ত চূড়ান্ত উৎসবটা মাটি।
ম্যাচ শুরু হতেই বিরাট এক ‘বাঘ’ নিয়ে একদল তরুণের নাচ-গান, যা মন কাড়ার মতো এক ছবিই। প্রেসবক্সের সামনের চলে এল সেই ‘বাঘ’! বিরতির সময় বাদ্যি আরও জোরালো। এক তরুণ শরীরে লাল-সবুজ এঁকে হাতে জাতীয় পতাকা দোলালেন মাঠে নেমে।
মোহামেডান গ্যালারিতেও পটকা, ব্যানার কোনোটিরই কমতি চোখে পড়েনি। এমন বহু ফাইনাল খেলেছে এবং জিতেছে মোহামেডান। সমর্থকদের খিদে তবু কখনো কমে না, বাড়ে। মোহামেডান খেলোয়াড়েরা টাইব্রেকারে নিখুঁত থেকে সমর্থকদের সেই প্রত্যাশা মেটালেন।
টুর্নামেন্ট-সেরা সকারের গোলরক্ষক নেহালকে নড়াচড়ার সুযোগ না দিয়ে মোহামেডানের পক্ষে টাইব্রেকারে পাঁচটি গোলই করেছেন এমিলি, ড্যামিয়েন, সোহাগ, জঙ্গো, হেনরি। জঙ্গো অতিরিক্ত সময়ে ফাঁকা পোস্টে বল রাখতে পারেননি, ওটা বিচ্ছিন্ন। চূড়ান্ত বিচারে ফাইনাল-সেরা মোহামেডানের বুরকিনা ফাসোর এই ফরোয়ার্ডই।
টাইব্রেকারে কাব্বার প্রথম শটটা আটকে শেষ দিকে আলো কেড়ে নেন মোহামেডান গোলরক্ষক মামুন খান। ১২০ মিনিট তাঁকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি সকার। পুরো ফাইনালেই চাপ সামলেছেন নেহাল, দারুণ দক্ষতায় রক্ষা করেছেন দলকে। টাইব্রেকারে জেতাতে পারলে নেহালই হতেন দিনের সবচেয়ে বড় নায়ক।
টাইব্রেকার পর্যন্ত অবশ্য যাওয়ারই কথা নয় মোহামেডানের। নির্ধারিত সময়েই তাদের জেতা উচিত ছিল। ৪-৩-৩ ছকে ক্যাপেলার দল আক্রমণাত্মক খেললেও গোল করার লোক কোথায়? এমিলি প্লেটে সাজিয়ে দেওয়া খাবার মুখে তুলতে পারলেন না! জাহিদ-সবুজ চূড়ান্ত পাস দিতে ব্যর্থ কয়েকবার। নইলে গোটা দুই গোল প্রথমার্ধেই পেয়ে যায় মোহামেডান।
সকারের তিন গাম্বিয়ান ল্যান্ডিং, কোব্বা, ম্যান্ডি সুযোগ পেলেই ছোবল হানার চেষ্টায় ছিলেন। প্রতি-আক্রমণের কৌশল নিয়ে যে কয়েকবার মোহামেডানের গোলমুখে আতঙ্ক ছড়িয়েছে সকার, হেনরি, ড্যামিয়েনদের নিয়ে গড়া রক্ষণ ভালোই সামলেছে। হেনরি তো মনে করিয়ে দিয়েছেন কায়সার হামিদের কথা। তাঁর হাঁটাচলায় একটা কর্তৃত্ব আছে।
সব মিলিয়ে যোগ্যতর দল হিসেবেই স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন মোহামেডান। ইতিহাসের দুয়ার থেকে ফিরে গেল সকার!
মোহামেডান: মামুন, নাহিদুল, ড্যামিয়েন, বাইবেক, হেনরি, হেমন্ত (সোহাগ), অরূপ, সবুজ (সিফাত), জাহিদ (ওয়াহেদ), জঙ্গো, এমিলি।
ফেনী সকার: নেহাল, রমজান, লিটন, বিদ্যুৎ (শাহরান), সুফিয়ান, শাহিন, ল্যান্ডিং, রিদন (মামুন), কাব্বা, চার্লস, ম্যান্ডি।