লাহোরে দেশদ্রোহের মামলা
ইতিহাসের পুনরাবৃত্তিতে কোনো ত্রুটি করছে না পাকিস্তান। খেলোয়াড়দের নামে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে, পরপরই তাঁদের বিপক্ষে লাহোর উচ্চ আদালতে দেশদ্রোহের মামলা হয়ে গেছে। ধারাবাহিকতা রক্ষা করেই, পাকিস্তানের ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটি দাবি করেছে, পিসিবির বর্তমান কমিটি ভেঙে দেওয়া হোক।পাকিস্তানের সাত ক্রিকেটার ‘স্পট ফিক্সিং’-এর সঙ্গে জড়িত এমন খবর পেয়ে আইনজীবী ইশতিয়াক আহমেদ মামলা ঠুকে দিয়েছেন লাহোর উচ্চ আদালতে। আহমেদ মামলা করার কারণ বলতে গিয়ে বলেছেন, ‘অভিযুক্ত এই খেলোয়াড়েরা দেশকে লজ্জিত করেছে, দেশের সংবিধানকে অবমূল্যায়িত করেছে। অপরাধ প্রমাণিত হলে তাঁদের আজীবন নিষিদ্ধ করা এবং তাঁদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত।’খেলোয়াড়দের কী করা হবে, সেটা পরের কথা। আপাতত পিসিবির বর্তমান কমিটি ভেঙে দেওয়া এবং ইংল্যান্ড থেকে বর্তমান কোচ ও ম্যানেজারকে ফেরত আনার জন্য দেশের প্রেসিডেন্টের কাছে সুপারিশ করেছে পাকিস্তানের ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটি। এই কমিটির প্রধান ইকবাল মুহাম্মদ আলী বলছেন, ‘আমাদের কমিটির সর্বসম্মত সুপারিশ, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া হোক। এটা না করা হলে আমরা সবাই কমিটি থেকে পদত্যাগ করব। আমরা আরও সুপারিশ করেছি, দলের ম্যানেজার ও কোচকে অবিলম্বে দেশে ফেরত এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নতুন ম্যানেজমেন্ট পাঠানো হোক।’তবে যত দূর জানা গেছে, সংসদীয় কমিটির এই সুপারিশ অগ্রাহ্য করছেন পাকিস্তান প্রেসিডেন্ট ও পিসিবির পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারি। এএফপি।