ক্রিকেটে ম্যাচ পাতানো নিয়ে সাবেক পাকিস্তানি পেসার সরফরাজ নেওয়াজের সংগ্রামটা অনেক পুরোনো। অনেক আগে থেকেই তিনি পাকিস্তানের বিভিন্ন পরাজয়ের নেপথ্য কারণ হিসেবে পাতানো খেলার গন্ধ আবিষ্কার করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, কোনো অভিযোগের স্বপক্ষেই তিনি জুতসই কোনো প্রমাণ হাজির করতে পারেননি। সরফরাজ নেওয়াজের অভিযোগ নিয়ে একটা নির্দিষ্ট সময় বাজার গরম হলেও প্রমাণ হাজির করার অপারগতার কারণে সেটা পরবর্তী সময় স্তিমিত হয়ে গেছে, আবেদন হারিয়েছে। তাই পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটে সরফরাজ নেওয়াজ একজন বিতর্কিত ব্যক্তির প্রতিমূর্তি হিসেবেই বিবেচিত হয়ে আছেন।১৯৮৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর সরফরাজ নেওয়াজ পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছিলেন। তিনি এই পাতানো খেলার মূল হোতা হিসেবে চিহ্নিত করেছিলেন পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান ও সহ-অধিনায়ক জাভেদ মিয়াঁদাদকে। তাঁর অভিযোগ ছিল, এই দুজন একটি জুটি গড়ে তুললেও ইনিংসের একপর্যায়ে তাঁরা দুজনই ইচ্ছে করে আউট হয়ে খেলায় পাকিস্তানের পরাজয় তরান্বিত করেন। এর আগে ইমরান খান ইচ্ছে করেই অস্ট্রেলিয়ার ইনিংসের সময় নিজেসহ দলের অন্য তিন মূল বোলার ওয়াসিম আকরাম, আবদুল কাদির ও তৌসিফ আহমেদকে টানা বল করিয়ে তাঁদের কোটা শেষ করে দেন ৪৯তম ওভারেই। তাই বাধ্য হয়েই ৫০তম ওভারটি তুলে দিতে হয় দলের পঞ্চম বোলার, অনভিজ্ঞ সেলিম জাফরের হাতে। সেলিম জাফরের সেই ওভার থেকে অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্টিভ ওয়াহ তুলে নেন ১৮টি রান। আর সেই পরিমাণ রানের ব্যবধানেই ম্যাচে হেরে যেতে হয় পাকিস্তানকে। এসব কার্যকলাপের বিনিময়ে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছিল বলেও তিনি দাবি করেন।সরফরাজের এই অভিযোগ বোমা বিস্ফোরণের মতোই চমকে দেয় সবাইকে। এমনিতেই লাহোরের সেই সেমিফাইনালে হারের শোকে পাকিস্তানিরা শোকস্তব্ধ হয়ে পড়েছিল; সরফরাজের সেই অভিযোগটি তাই ছিল শোকের অনলে ঘৃতাহুতির মতোই। ইমরান খান সংবাদ সম্মেলন করে সরফরাজের সেই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সরফরাজ একজন মানসিক রোগীর মতোই এই অভিযোগ করছেন। অস্ট্রেলিয়া সেই ম্যাচে যোগ্যতর দল হিসেবেই পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছিল।জাভেদ মিয়াঁদাদ ইমরান খানের মতো এত সহজে ছেড়ে দিলেন না সরফরাজ নেওয়াজকে। তিনি একজন আইনজীবীর মাধ্যমে সরফরাজের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে মামলা ঠুকে দিলেন। সরফরাজও ছেড়ে কথা বললেন না। তিনি এই মামলার জবাবে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে শারজাহর ধনকুবের আবদুর রহমান বুখাতিরের ‘সন্দেহজনক’ সখ্যতার সঙ্গে পুরো ব্যাপারটি মিলিয়ে অভিযোগ আনলেন। তাঁর অভিযোগ ছিল, বুখাতির বিশ্বকাপের সেমিফাইনালের দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বসেই ম্যাচটি পাতানোর জুয়ায় অংশ নিয়েছিলেন। তবে এর স্বপক্ষে সরফরাজ অকাট্য কোনো প্রমাণ হাজির করতে পারেননি।এদিকে বুখাতিরও তাঁর বিরুদ্ধে সরফরাজের করা এই অভিযোগের জবাব দিলেন দুবাই আদালতে মানহানির একটি মামলা করে। সেই মামলায় হেরে গেলে সরফরাজকে প্রায় কোটি ডলারের ক্ষতিপূরণ দিতে হতো। কিন্তু কোনো এক কারণে সেই মামলার শুনানি কোনো দিনই অনুষ্ঠিত হয়নি।এদিকে জাভেদ মিয়াঁদাদের আইনজীবী আলী সিবতাইন লাহোর আদালতে তাঁর মক্কেলের স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরলেন। তিনি বললেন, জাভেদ কীভাবে ম্যাচ পাতানোয় জড়িত থাকেন? যেখানে অস্ট্রেলিয়ার ইনিংসে বদলি উইকেটরক্ষক হিসেবে তিনি প্রায় ৩০ ওভার উইকেট রক্ষা করে ব্যাট হাতে ৭০ রানের দলীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন। নিয়মিত উইকেটরক্ষক না হওয়ার পরও একটি বাই রান না দিয়ে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।সত্যি কথা বলতে কি, সরফরাজ নেওয়াজের সেই অভিযোগের কোনো ভিত্তি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাঁর অভিযোগে পত্রপত্রিকার পাতাই গরম হয়েছে কেবল। জাভেদ মিয়াঁদাদ তাঁর আত্মজীবনী ‘কাটিং এইজ’-এ লিখেছেন, ‘একজন মাথাগরম ও আবেগী মানুষ হিসেবে সরফরাজের কুখ্যাতি ছিল। যুক্তির চেয়ে ছেলেমি আবেগকেই সে সব সময় প্রশ্রয় দিত। তাই আমার অনেক বন্ধুবান্ধব ও পাকিস্তানি ক্রিকেট-সংশ্লিষ্ট অনেকেই সরফরাজের সেই অভিযোগকে স্রেফ গোনায় না ধরতে আমাকে অনুরোধ করার পরও আমি এ ব্যাপারে মামলা করেছিলাম। কারণ, পুরো ব্যাপারটি আমাকে দারুণ আহত করেছিল। এই অভিযোগের মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটের প্রতি আমার দায়িত্ববোধ ও সততাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল।’কিছুদিন চলার পর এই মামলাটিও আর এগোয়নি। সরফরাজ নেওয়াজের স্ত্রীর অনুরোধে জাভেদ মিয়াঁদাদ মামলাটি আর চালাননি। সরফরাজ নেওয়াজও এ ব্যাপারে চুপ করে গেলে পুরো বিষয়টি একসময় চাপা পড়ে যায়।তথ্যসূত্র: কাটিং এইজ, লেখক: জাভেদ মিয়াঁদাদ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস