লায়নের লক্ষ্য টেন্ডুলকার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সিরিজটা তাঁর জন্য কঠিন হবে জানাই ছিল। যতটা ভাবা হয়েছিল, আদতে কঠিন হয়েছে তার চেয়েও বেশি। দুই টেস্টে মাত্র দুই উইকেট। সেই উইকেট দুটিও আবার দুই লোয়ার অর্ডার উমেশ যাদব ও ইশান্ত শর্মার। অ্যাডিলেড টেস্টের আগে নাথান লায়ন তাই পরামর্শ নিয়েছেন দুই গ্রেটের। মজার ব্যাপার হলো—দুজনের কেউই কিন্তু অফ স্পিনার নন। একজন তবু স্পিন কিংবদন্তি—শেন ওয়ার্ন, আরেকজন স্পিনারই নন—রিকি পন্টিং!দীর্ঘ অভিজ্ঞতার কারণেই এই দুজনকে বেছে নিয়েছেন লায়ন। পন্টিংকে বেছে নেওয়ার সপক্ষে আরেকটা যুক্তি, ব্যাটসম্যানের দৃষ্টিকোণ থেকে বোলিংটাকে দেখা এবং একসঙ্গে অনুশীলন করা। কয়েক দিন ধরেই নেটে পন্টিংয়ের সঙ্গে কাজ করছেন লায়ন, ‘ওয়ার্নের সঙ্গে আমার কথা হয়েছে। সে খেলাটার কিংবদন্তি, সর্বকালের সেরা স্পিনার। ওয়ার্নি আমাকে বলেছে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে। নেটে রিকি পন্টিংকেও আমি অনেক বোলিং করছি। আমার মতে, রিকি স্পিনে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। ওর কাছ থেকে টিপস যেমন পাওয়া যাচ্ছে, তেমনি সেরা মানের ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং অনুশীলনও হচ্ছে।’পার্থে চার পেসার নিয়ে খেলায় বাইরে বসে থাকতে হয়েছিল লায়নকে। এতে নাকি একদিক থেকে ভালোই হয়েছে ২৪ বছর বয়সী অফ স্পিনারের, ‘পার্থে না খেলায় আমি আমার বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি। নিজেকে আরও ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ব্যবহার করেছি ওই সময়টার।’অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি আগেই নিশ্চিত করে দিয়েছেন, অ্যাডিলেডে ফিরছেন লায়ন। অ্যাডিলেড ওভালের উইকেট ঐতিহ্যগতভাবেই স্পোর্টিং, তবে একটু বেশি পক্ষ নেয় ব্যাটসম্যানদের। পরশু শুরু হতে যাওয়া টেস্টটি তাই পাঁচ দিনে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম দুই টেস্টে পেসারদের দাপটে সেভাবে বোলিংয়ের সুযোগই পাননি লায়ন, কিন্তু অ্যাডিলেডে কৌতূহলের কেন্দ্রে তিনিই।লায়ন নিজেও জানেন, তাঁর জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। নিজেকে প্রস্তুতও করছেন সেভাবে। জানিয়ে দিয়েছেন, লক্ষ্য শচীন টেন্ডুলকারের উইকেট, ‘স্পিনের বিপক্ষে বিশ্বের সেরা কয়েকজন ব্যাটসম্যানকে বোলিং করা তরুণ একজন স্পিনার হিসেবে আমার জন্য বড় চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জটাকে আমি উপভোগ করছি। শচীন টেন্ডুলকারের বিপক্ষে বোলিং করাটাই স্বপ্নের মতো, আমি চাইব অ্যাডিলেডে তাঁকে আউট করতে।’তবে লায়নের ইচ্ছাপূরণ সহজ হবে না মোটেও। শততম সেঞ্চুরিটা বারবার ফসকে যাওয়া, দলের ব্যর্থতা ও সমালোচনায় নাকি তেতে আছেন টেন্ডুলকার। এক সতীর্থের দাবি, টেন্ডুলকারের দৃষ্টি বড় কিছুর দিকে, ‘স্রেফ সেঞ্চুরি করেই ও থামবে না। ভীষণ তেতে আছে, মাইলফলকটা ছুঁয়ে ফেললে ও আরও বড় কিছু করে ফেলতে পারে। হয়তো ডাবল সেঞ্চুরি করে ফেলবে...।’ ওয়েবসাইট।