লায়নের স্বপ্নের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে প্রথম বলেই উইকেট নেওয়ার প্রথম কীর্তিটি ১১৭ বছর আগের। ইতিহাসের ৪৩তম টেস্টে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার আর্থার কনিংহামের। এত বছর পর আরেকজন অস্ট্রেলিয়ানের নাম যোগ হলো তালিকায়। নাথান লায়নের কল্যাণে টেস্টে প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তিতে প্রথম ও সর্বশেষ দুজনই এখন অস্ট্রেলিয়ান।শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিন প্রথম পানি পানের বিরতির পর টেস্ট ক্রিকেটে তাঁর প্রথম বলটি করলেন লায়ন। কুমার সাঙ্গাকারা ক্যাচ দিলেন স্লিপে। পরে লায়ন বলেছেন, ‘এটা নিখুঁত বল ছিল বলা যাবে না। একটু বেশিই বাইরে ছিল, তবে শেষ পর্যন্ত আমি তাতে খুশিই।’শেষ কথাটা না বললেও চলত। যে বলে এমন একটা কীর্তি, সেটির আবার ভালোমন্দ কী! টেস্ট ইতিহাসে মাত্র ১৪তম বোলার হিসেবে প্রথম বলেই উইকেট দিয়ে শুরু লায়নের যে স্বপ্নযাত্রা, সেটির শেষ হয়েছে ইনিংসে ৫ উইকেট নিয়ে। ১২ বলে ৪ রান দিয়ে শ্রীলঙ্কার শেষ চার ব্যাটসম্যানকে আউট করেছেন।নাথান লায়নের স্বপ্নযাত্রা অবশ্য শুরু হয়েছিল আরও আগেই। অস্ট্রেলিয়া দলের সঙ্গে শ্রীলঙ্কা যাত্রাটাই তো স্বপ্ন-স্বপ্ন লেগেছে তাঁর। মাত্র ৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেই ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া দলে। মাথায় উঠে গেছে ব্যাগি গ্রিন ক্যাপও। লায়নের নিজেরই যে বিশ্বাস হতে চাইছে না। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘আমার জীবনের সেরা দুটি দিন...ম্যাচের আগে গ্রেগ চ্যাপেলের কাছ থেকে ব্যাগি গ্রিন ক্যাপ নেওয়া, এরপর অভিষেকেই ৫ উইকেট—এটা বিশেষ কিছু!’এক বছর আগেও অ্যাডিলেড ওভালের মাঠকর্মী হিসেবে কাজ করতেন। তাঁর নির্বাচন নিয়ে সমালোচনাও হয়েছে খুব। অস্ট্রেলিয়ান নির্বাচকেরা মুড়িমুড়কির মতো ক্যাপ বিলাচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেক সাবেক খেলোয়াড়। জবাবটা ভালোই দিলেন নাথান লায়ন। মাঠকর্মী থেকে টেস্ট ক্রিকেটার—কেমন লেগেছে তাঁর? ‘মাঠে আমি নিঃশ্বাসই নিতে পারছিলাম না। এত রোমাঞ্চিত ছিলাম যে কী বলব! অস্ট্রেলিয়ান দলের সঙ্গে মাঠে নামাটাই ছিল সবচেয়ে বড় রোমাঞ্চ।’এর সঙ্গে প্রথম বলেই উইকেট আর অভিষেকেই ইনিংসে ৫ উইকেট যোগ করুন। স্বপ্ন দেখছেন বলে ভুল হতেই পারে নাথান লায়নের।