লি আছেন আগের মতোই
২০১১ ফ্রেঞ্চ ওপেন জিতে হয়ে গেলেন ইতিহাস। তার পর? ক্রমেই যেন তলানির দিকে পতন। পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকে নেমেছে পতনোন্মুখ শেয়ারবাজারের সূচকের মতো। কেন? লি না কারণ দেখাচ্ছেন দুটো: হঠাৎ করে ধেয়ে আসা খ্যাতির জলোচ্ছ্বাস আর তাঁর বদরাগি কোচ-কাম-স্বামী!কাল অস্ট্রেলিয়ার পার্থে শুরু হলো হপম্যান কাপ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার এই ম্যাচে লি না কিন্তু মারিয়ন বারতলিকে হারিয়ে দিয়েছেন। কিন্তু দলীয়ভাবে ফ্রান্সের কাছে হেরে গেছে চীন। তা হারুক। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করতে পেরে বেশ তৃপ্ত লি। ২০১১ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। এ মাসের মাঝামাঝি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য আত্মবিশ্বাসের রসদ লি কুড়িয়ে নিতে চান এখান থেকেই।প্রথম এশীয় হিসেবে গ্র্যান্ড স্লাম একক জেতার রেকর্ড গড়ার পর রাতারাতি মহাতারকা বনে গিয়েছিলেন। এমনিতেই চীনের জনসংখ্যা বিশাল। টেনিস এর আগে ততটা জনপ্রিয় ছিল না। তার পরও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ফ্রান্সেসকা শিয়াভোনেকে হারিয়ে দেওয়ার ম্যাচটি দেখেছে ১২ কোটি চীনা।‘ফ্রেঞ্চ ওপেনের পর আমার জীবনটাই পাল্টে গিয়েছিল। এরপর যে টুর্নামেন্টেই খেলতে গেছি, আগের চেয়ে অনেক বেশি লোক আমাকে চিনেছে। ওই সময় আমার মনোযোগ যেন শুধু ছিল ছবি তোলার দিকেই। এমন একটা বড় শিরোপা জেতার পর এত এত ছবি তোলাতুলির ফাঁকে মনোযোগ ধরে রাখা মুশকিল’—কাল সাংবাদিকদের নিজের পথ হারিয়ে ফেলার কারণ ব্যাখ্যা করেছেন লি।ফ্রেঞ্চ ওপেনের পর গত মৌসুমে ১৬ ম্যাচের নয়টিতেই হেরেছেন। এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে টেনিস ছেড়েছুড়ে কদিন বেশ ছুটি কাটিয়েছেন। কিন্তু শান্তি নেই! সবখানে যে তাঁর সঙ্গে ছায়ার মতো লেগে আছেন তাঁর স্বামী!সাংবাদিকদের সঙ্গে স্বামীকে নিয়ে রসিকতা করতে বেশ ভালোবাসেন লি। তাঁর স্বামী জিয়াং শানও ব্যাপারটি উপভোগ করেন। দুজনের মধ্যে আসলে এক ধরনের খুনসুটি সব সময়ই চলে। লি এবারও হেসে হেসেই বললেন, ‘এটা খুব খারাপ, আমরা সব সময় একে অন্যের পিছু লেগেই আছি। আমার জন্য খুব কঠিন হয় ব্যাপারটা। কারণ ও সব সময় কানের কাছে চিৎকার করে, “পা নড়াও, পা নড়াও।” আর আমি ভাবি, “ওহ্, ও এত চেঁচায় কেন?”’শুধু কোর্টে অনুশীলনের সময়ই নয়, সব সময়ই নাকি লিকে আরও ভালো খেলার পরামর্শ দিয়েই যাচ্ছেন জিয়াং। তবে লি একটা ভালো বুদ্ধিও বের করে ফেলেছেন। ‘এখন আমি দিনে মাত্র দুই ঘণ্টা ওর কথা শুনি। ওকে বলে দিয়েছি, যখন কোর্টে থাকব, শুধু তখনই তোমার কথা শুনব। আর বাকিটা সময় তোমাকে শুনতে হবে আমার কথা’—সংসারধর্মের মূল আপ্তবাক্যটাই যেন মনে করিয়ে দিলেন লি!আরেকটা ব্যাপার মনে করিয়ে দিলেন, কোর্টে তাঁর পারফরম্যান্স যা-ই হোক, লির রসবোধের ফর্ম বেশ তুঙ্গেই আছে! রয়টার্স।