লি জানালেন, তিনি প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিন পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে একটা সুখবর দিলেন ব্রেট লি। আগে জানা গিয়েছিল, আইপিএলে খেলার সময় চোট পাওয়া ইনজুরির কারণে বিশ্বকাপ হয়তো নাও খেলা হতে পারে অস্ট্রেলীয় ফাস্ট বোলারের। কিন্তু লি জানালেন, চোট পাওয়া ডান হাতের বুড়ো আঙুল দ্রুত সেরে উঠেছে। বিশ্বকাপে খেলতে কোনো সমস্যা হবে না তাঁর।আঙুলে এখনো হালকা ব্যথা আছে। কিন্তু সেটি কোনো সমস্যা হবে না বলেই জানালেন ৩৩ বছর বয়সী পেসার, ‘আমি পুরো ক্যারিয়ারের ব্যথা নিয়ে খেলেছি। তাই ভাঙা বুড়ো আঙুল নিয়ে কোনো দুর্ভাবনা নেই আমার।’গ্যাবায় অস্ট্রেলিয়া টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করেছে। আইসিসির এই একটা বড় টুর্নামেন্ট এখনো জেতা হয়নি তাদের। সেই লক্ষ্যে চলছে কঠোর অনুশীলন। ইনডোরে বেশ খানিকটা সময় ধরে বোলিংও করেছেন লি। ‘ব্যথাটা সহ্যসীমার মধ্যেই আছে। এটা ভালোই। বল করাতে এটা কোনো সমস্যা হয়ে ওঠেনি। এটা সুখবরই।’ তাঁর চিকিৎসকও সবুজ সংকেত দিয়েছেন বলেও জানালেন লি, ‘ফিরে আসাটা আমার জন্য কঠিন ছিল। কিন্তু আমার চিকিৎসককে দেখিয়েছি। তিনি আমাকে খেলার ছাড়পত্র দিয়েছেন।’এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়েও নামছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটার। গত বছর অক্টোবরে ভারত সফরে ওয়ানডে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তাঁর। এর মধ্যে অবশ্য আইপিএলে খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। ১৪.৩ ওভার বোলিং করে ১৪৯ রান দিয়ে উইকেটশূন্য। এর মধ্যে তাঁর এক ওভারে ২৫ রান তুলেছেন রবিন উথাপ্পা।ওই একটা ওভার বাদে পুরো আইপিএলে ভালো বল করেছেন বলেই মনে করছেন লি, ‘আসলে ভাগ্য আমার পক্ষে যায়নি। কনুইয়ে বড় ধরনের অস্ত্রোপচারের পর মাঠে ফিরে আমি বেশ দৃঢ়বিশ্বাসী এবং আনন্দিত। একটা-দুটো উইকেট পেলে ভালো লাগত। কিন্তু তার পরও যেভাবে বল করেছি তাতে আমি তৃপ্ত।’ সেরা একাদশে সুযোগ পেলে সেটি কাজে লাগাবেন। কিন্তু লিকে দলে জায়গা দিতে হলে চারজন পেসার খেলাতে হবে অস্ট্রেলিয়াকে। দেখা যাক, বিশ্বকাপ খেলার স্বপ্ন লির পূরণ হয় কি না। ওয়েবসাইট।