লি না-সিবুলকোভা ফাইনাল

২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে ইতিহাস গড়েছিলেন লি না। প্রথম চীনা তো বটেই, প্রথম এশীয় খেলোয়াড় হিসেবেই জিতেছিলেন গ্র্যান্ড স্লাম একক শিরোপা। আড়াই বছর পর আরেকটি প্রথমের সামনে দাঁড়িয়ে চীনা মেয়ে, আর একটি ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়ান ওপেনটা প্রথমবারের মতো আসবে এশিয়ায়। কাল মেলবোর্নে প্রথম সেমিফাইনালে কানাডার ইউজিনি বুশারের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠেছেন লি।
ডমিনিকা সিবুলকোভার সামনেও ইতিহাস গড়ার হাতছানি। দ্বিতীয় সেমিফাইনালে আগ্নিয়েস্কা রাদভানস্কাকে উড়িয়ে দিয়েই আসলে ইতিহাস গড়ে ফেলেছেন। গ্র্যান্ড স্লামের ফাইনালে এই প্রথম স্লোভাকিয়ার প্রথম খেলোয়াড়। ফাইনালে জিতলে ইতিহাসটা আরও সমৃদ্ধ হবে।
মাত্র আগের দিনই কোয়ার্টার ফাইনালে গত দুবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়েছেন রাদভানস্কা। পঞ্চম বাছাই পোলিশ অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে ছিলেন র্যাঙ্কিংয়ে ২৪ নম্বর সিবুলকোভার চেয়ে। অথচ কোর্টে সেটির কোনো প্রতিফলন দেখা গেল না। ৭০ মিনিটের একপেশে লড়াইয়ে সিবুলকোভা জিতলেন ৬-১, ৬-২ গেমে। ২৬ বারের চেষ্টার প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠার পর বললেন, ‘আমি ফাইনাল খেলছি, এটা চমৎকার একটা ব্যাপার, যেন একটা স্বপ্ন।’
পরাজয়ের কারণ হিসেবে টানা ম্যাচ খেলার ক্লান্তিকে দায়ী করলেন রাদভানস্কা। আজারেঙ্কার ম্যাচটাই নাকি শুষে নিয়েছে তাঁর সব প্রাণশক্তি, ‘আমার মনে হয়েছে আমি যেন আজ স্লো মোশনে ছিলাম। আমাকে কিছু কঠিন ম্যাচ খেলতে হয়েছে, বিশেষ করে কালকের ম্যাচটা (আজারেঙ্কার বিপক্ষে)। আমি যথেষ্ট সতেজ ছিলাম না। আমরা তো মানুষই, মেশিন তো না।’
প্রথম সেমিফাইনালটাও একতরফাই হয়েছে। লি নার জয় ৬-২, ৬-৪ গেমে। এর আগে আরও দুবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছেন। গতবারও। ফাইনালে দু-দুবার পা মচকে পড়ে যাওয়ার পরও লড়াই করে জিতে নিয়েছিলেন অস্ট্রেলীয়দের মন। মন জয় করলেও ট্রফি তো আর হাতে তোলা হয়নি, এবার সেই অপূর্ণতা ঘোচাতে চান ৩১ বছর বয়সী লি, ‘এটা তৃতীয়বার। ট্রফিটা কত কাছে! চেষ্টা করব, এবার আর পড়ে না জেতে। গতবারের ফাইনালে আমি বোধ হয় ভালোই খেলেছিলাম। নিজেকে শুধু দুর্ভাগাই বলতে পারি, দুবার যে পড়ে গিয়েছিলাম।’ এএফপি।