লি নাকে ইতিহাসের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কখনোই ভাবিনি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠব’—কাল ম্যাচ শেষে লি নার সরল স্বীকারোক্তি। আসলেই অভাবিত কাণ্ড! মারিয়া শারাপোভাকে সরাসরি সেটে (৬-৪, ৭-৫) হারিয়ে প্রথম চীনা খেলোয়াড় হিসেবে লি না উঠে গেছেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে। এখন তাঁর সামনে প্রথম চীনা হিসেবে গ্র্যান্ড স্লাম শিরোপার হাতছানি।অথচ রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে এসেছিলেন শারাপোভাই। বাকি তিনটি গ্র্যান্ড স্লামে একটি করে শিরোপা আছে। এখানে জিততে পারলে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ হতো। অন্তত আরও এক বছর সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। অবশ্য ২০০৮ সালে হাঁটুর চোটের পর থেকে প্রায় হারিয়েই যেতে বসা সাবেক এই ১ নম্বরের জন্য এবার সেমিফাইনালে উঠে আসাও বড় প্রাপ্তি। যদিও দশ-দশটি ডাবল ফল্ট করে নিজের আক্ষেপটা বাড়িয়ে দিচ্ছেন এই রুশ তারকা।২৯ বছর বয়সী লির এটি টানা দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল। বছর শুরুর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও উঠেছিলেন। মাঝখানে ফর্ম পড়তির দিকে ছিল বলে স্বামীকে কোচের পদ থেকে ‘ছাঁটাই’ও করেছেন। নতুন কোচ নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছেন বলেই মনে হচ্ছে। আগামীকাল ফাইনালে তাঁর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনে। কাল দ্বিতীয় সেমিফাইনালে ইতালির শিয়াভোনে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন ফ্রান্সের মারিয়ন বারতোলিকে। ফাইনালে সানিয়া: এই প্রথম মেয়েদের দ্বৈতে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সানিয়া মির্জা। রাশিয়ার এলেনা ভেসনিনার সঙ্গে তাঁর জুটি আগামীকালের ফাইনালে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের আন্দ্রিয়া লাভাচকোভা-লুসি রাদেসকা জুটির। এ নিয়ে তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলছেন সানিয়া। বাকি দুটো ছিল মিশ্র দ্বৈতে। এএফপি।