লি নার আরেক ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে লি না। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা হাতে লি না। ছবি: রয়টার্স

প্রথম চীনা হিসেবে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবেই জিতেছেন গ্র্যান্ড স্লাম একক। লি নার মুঠোবন্দী হলো আরও ইতিহাস। আজ প্রথম চীনা হিসেবে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেনও। শুধু তা-ই নয়, ৩১ বছর বয়সী লিই সবচেয়ে বেশি বয়সে মেয়েদের শিরোপা জেতার কীর্তি গড়লেন সব দেশে মিলিয়েই। আজ ডমিনিকা সিবুলকোভাকে ৭-৬ (৭-৩), ৬-০ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন।
সিবুলকোভার জন্যও ছিল ইতিহাসের হাতছানি। স্লোভাকিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে এসেছিলেন। প্রথম সেটে দুর্দান্ত খেলেছেনও। টাইব্রেকে সেই সেটটা হেরে হেলেও দ্বিতীয় সেটে আর দাঁড়াতেই পারেননি। অনেককেই চমকে দিয়ে ফাইনালে উঠে আসা এই ২০তম বাছাইয়ের অশ্রুসজল বিদায়ই হলো শেষ পর্যন্ত।
আবেগ ছুঁয়েছে লিকেও। ২০১১ ও ২০১৩ সালে ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন। এবার ঝা চকচকে ট্রফিটা কোলে নিয়েই বলেছেন, ‘অবশেষে একে পেলাম। গত দুবার তো খুব কাছাকাছি গিয়েছিলাম।’
মারিয়া শারাপোভা, আগ্নিয়েস্কা রাদভানেস্কাদের হারিয়ে অস্ট্রেলীয়দের মন জিতে নেওয়া সিবুলকোভা বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দুটো সপ্তাহ গেল। মনে হচ্ছে কেঁদেই দেব।’
এর পর সত্যি সত্যিই কাঁদলেন!