লি নার চোখে বড় স্বপ্ন
প্রথম চীনা বা প্রথম এশিয়ান হিসেবে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। এত বড় অর্জনের পরও আবেগের স্রোত লি নাকে ভাসিয়ে নিতে পারল না কেন? কারণ, লি না মানসিকভাবে খুবই শক্ত। আবেগকে দমিয়ে রাখতে জানেন! পরশু রাতে ফ্রান্সেসকা শিয়াভোনকে হারিয়ে লি নার ইতিহাস গড়ার মুহূর্তে অন্য আর দশজনের মতো তাঁর মা লি ইয়ানপিংও আবেগ ধরে রাখতে পারেননি, দরদর করে গড়িয়ে পড়েছে চোখের জল। কিন্তু মেয়ের সম্পর্কে তাঁর কথা, ‘আমি দেখেছি যে লি না কাঁদে না। মানসিকভাবে সে আমার চেয়ে শক্ত।’তবে রক্তমাংসের মানুষ লি নাকেও শেষ পর্যন্ত আবেগের কাছে হার মানতেই হয়েছে। অবিস্মরণীয় সেই মুহূর্তের পর যখন রোঁলা গাঁরোতে উড়ল চীনের জাতীয় পতাকা, মাইক্রোফোনে বাজল জাতীয় সংগীত, তখন আর লি অশ্রু সামলাতে পারেননি। চীনের জাতীয় পতাকা, জাতীয় সংগীত নিয়ে গেছেন এশিয়ান গেমসে, অলিম্পিকে। এই প্রথম তাঁরই সৌজন্যে, তাঁর সম্মানে পতাকা, জাতীয় সংগীত বাজল সুদূর প্যারিসে, টেনিসের লাল দুর্গে। অবিস্মরণীয় ওই মুহূর্তটি লি মনের ফ্রেমে গেঁথেছেন এভাবে, ‘এটা ছিল বিস্ময়কর। কারণ, এর আগে আমি কেবল এশিয়ান গেমস কিংবা অলিম্পিকেই এমনটা দেখেছি। আমি আমার বন্ধুর একটি বার্তা পেয়েছি। সে বলেছে, চীনে তারাও কেঁদেছে। তারাও জাতীয় পতাকা উড়তে দেখেছে। আমি মনে করি, প্রত্যেক চীনাই ওই সময়ে রোমাঞ্চিত ছিল।’ লি ঠিকই বলেছেন। পুরো চীনই ভাসছে আনন্দ-বন্যায়। সাধারণ মানুষ, টেনিস কর্মকর্তা, মিডিয়া, সরকার—সবখানেই ২৯ বছর বয়সী লির জয়গান। এত দিন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা লিও শিয়াংয়ের আসন ছিল চীনাদের হূদয়ে। লি নারও এখন আসন হলো সেখানে। গতবারের চ্যাম্পিয়ন শিয়াভোনকে ৬-৪, ৭-৬ (৭-০) গেমে হারানোর ঘণ্টাখানেকের মধ্যেই ব্লগে ৫ লাখ অনুসারী শুভেচ্ছা জানিয়েছেন লিকে। প্রথম পাতায় আড়াআড়িভাবে লির হাস্যোজ্জ্বল মুখের ছবিসহ ‘দ্য চায়না ডেইলি’ লিখেছে, ‘ইতিহাস সৃষ্টি করেছেন লি না। তাঁর এই জয় ইতিমধ্যেই দ্রুত উন্নতি করা চীনের ক্রীড়াঙ্গনে বিশাল প্রভাব ফেলবে।’ চীনের জাতীয় টেলিভিশন সিসিটিভিতে ফাইনালটি সরাসরি সম্প্রচার করা হয়, যা দেখেছে প্রায় ১৩০ কোটি মানুষ! টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে, ‘লি না, আমরা তোমাকে ভালোবাসি।’চীনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াং গুয়াংলি শুভেচ্ছা জানিয়েছেন। চীনা টেনিসের প্রধান কর্তা সুন জিনফ্যাং লির এই অর্জনকে দেখছেন টেনিসের ‘ব্রেক থ্রু’, ‘গর্বের বিশাল উৎস’ হিসেবে, ‘এই জয় সত্যিই খেলাটির ব্রেক থ্রু, যে খেলায় প্রধানত ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা রাজত্ব করে।’চীন ছাপিয়ে লির জয়গান চলছে আসলে পুরো বিশ্বেই। এশিয়ান টেনিস ফেডারেশনের প্রধান অনিল খান্না প্যারিসে দাঁড়িয়েই বলেছেন, ‘এটা অসাধারণ এক মুহূর্ত। আমি বলব, এটা এশিয়ারই বিজয়ের দিন। এতে প্রমাণিত হয়েছে, বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো টেনিসে এশিয়াও এখন গুরুত্বপূর্ণ।’ পাঁচবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসের দৃষ্টিতে এটা চীনেরই জয়, ‘কী রূপকথার গল্প! এটা চীনের জন্যই বিস্ময়কর।’ দুই বছর আগে পেশাদার হিসেবে লি ছেড়ে যান চীনা টেনিস ফেডারেশন। মহিলা টেনিসের কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা ওই দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘সে ছিল বিদ্রোহী। এখন আমি মনে করি, সে চীনাদের জন্য নতুন অধ্যায় লিখতে যাচ্ছে, কী করে নিজেকে চ্যাম্পিয়ন বানাতে হয়।’নাভ্রাতিলোভার মতো কিংবদন্তি বলছেন, চ্যাম্পিয়ন। অথচ কী আশ্চর্য, লি নিজে থেকে টেনিসে আসতেই চাননি! বাবা লি শেংপেংয়ের কারণেই ক্রীড়াঙ্গনে আসা তাঁর। তবে টেনিস নয়, বাবার মতো ব্যাডমিন্টনে। কিন্তু কোচ, পরবর্তী সময়ে স্বামী জিয়াং শান তাঁর মধ্যে আবিষ্কার করেন টেনিস প্রতিভা। টেনিসে এসেও তাঁকে পেরোতে হয়েছে নানা বাঁক।জয়গান, শুভেচ্ছা—সবকিছু দূর থেকেই পাচ্ছেন লি না। খুব শিগগির রূপকথার রানিকে কাছে পাচ্ছে না চীন। একটা রূপকথা লিখে লি এখন আরেকটি রূপকথার জন্ম দেওয়ার স্বপ্ন দেখছেন। সাফল্যের ধারায় জিততে চান টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট উইম্বলডনও। তাই লি থেকে যাচ্ছেন ইউরোপেই। দেশে ফিরবেন উইম্বলডনের পর। এতে একটা ঝুঁকিও থাকছে। লি-ই বলছেন, ‘এখন সবচেয়ে বড় বিষয়টা হলো, ফ্রেঞ্চ ওপেনের দুই সপ্তাহ পর উইম্বলডন। এখন আমি চীনে ফিরে যাওয়ার সময় পাব না। কাজেই দেশে ফিরব উইম্বলডনের পর। উইম্বলডনে আমি যদি ভালো না করি, মানুষ হয়তো আমাকে ভুলেই যাবে। সুতরাং এই সময়টা কঠিন।’চ্যালেঞ্জ নিতে পারেন বলেই তো আজ তিনি ইতিহাসের অংশ। ওয়েবসাইট।