লি নার পর রডিকও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি জানি, উইম্বলডনে ভালো করতে না পারলে লোকে হয়তো এটা ভুলেই যাবে’—প্রথম এশীয় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেই আশঙ্কা ব্যক্ত করেছিলেন চীনের লি না। চীনারা টেনিস-রানির গৌরবগাথা ভুলে না গেলেও তাদের উন্মাদনা নিশ্চিতভাবেই নিম্নমুখী। প্যারিসে চীনা-রূপকথা লেখা রানির বিদায়ঘণ্টা বাজল উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই। লির স্বপ্নভঙ্গের দিনে রজার ফেদেরারের মুখে সপ্তম শিরোপার পথে আরেকটি সিঁড়ি মাড়ানোর হাসি।রোলাঁ গাঁরোর বিজয়িনীর উইম্বলডন-স্বপ্নটা মুছে দিয়েছেন স্যাবাইনে লিসিস্কি। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা জার্মান তরুণী জিতেছেন ৩-৬, ৬-৪, ৮-৬ গেমে। প্রথমবারের মতো ছাদওয়ালা সেন্টার কোর্টে খেলতে নেমে ফেদেরার দ্বিতীয় রাউন্ডে উড়িয়ে দিয়েছেন আদ্রিয়ান ম্যানারিনোকে। ৫৫তম র‌্যাঙ্কধারী ফরাসিকে যেন কোর্টেই টেনিস শিক্ষা দিলেন ফেদেরার। জয় ৬-২, ৬-৩, ৬-২ গেমে।তৃতীয় রাউন্ডে রবিন সোদারলিং, জো-উইলফ্রায়েড সোঙ্গাও। সাবেক নাম্বার ওয়ান লেটন হিউইটের বিপক্ষে পাঁচ সেটের ম্যারাথন শেষে সোদারলিং জিতেছেন ৬-৭ (৫-৭), ৩-৬, ৭-৫, ৬-৪, ৬-৪ গেমে। গ্রিগর দিমিত্রোভকে সোঙ্গা হারিয়েছেন ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪, ৭-৬ (১০-৮) গেমে।এঁদের সঙ্গে কাল তৃতীয় সিঁড়িতে পা দিয়েছেন মহিলা এককের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি, মারিয়া শারাপোভা। আরেক রুশকন্যা সভেৎলানা কুজনেৎসভাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে বেলজিয়ামের ইউনিনা ভিকমেয়ার। এমন অঘটন পুরুষ এককেও, ফেলিসিয়ানো লোপেজের কাছে হেরে তৃতীয় রাউন্ডেই শেষ মার্কিনদের আশার প্রতীক অ্যান্ডি রডিকের যাত্রা, স্কোর ৭-৬ (৭-২), ৭-৬ (৭-২), ৬-২। মারিয়া মার্টিনেজকে উড়িয়ে (৬-০, ৬-২) চতুর্থ রাউন্ডে উঠেছেন ভেনাস উইলিয়ামস। ভিক্টোরিয়া আজারেঙ্কা ও নাদিয়া পেত্রোভাও উঠেছেন চতুর্থ রাউন্ডে। ওয়েবসাইট।