লি নার স্বামীবৃত্তান্ত
প্রথম সেটে হেরেছেন, জিতেছেন দ্বিতীয়টি। তৃতীয় সেটে আবার পিছিয়ে ৩-০ গেমে। অসহায় লি না তাকালেন গ্যালারিতে, যেখানটায় বসা তাঁর স্বামী জিয়াং শান। হয়তো চোখে চোখে একটু কথা বলার জন্য, হয়তো মানসিক শক্তির জন্য। কিন্তু তাকিয়ে দেখলেন, খেলা দেখা বাদ দিয়ে চলে যাচ্ছেন জিয়াং। তারপর কী যে হয়ে গেল! টানা ছয় গেম জিতে ম্যাচটাও জিতে নিলেন!ব্যাপারটায় খুব মজা পেয়েছেন লি, ‘জানি না কী হয়েছিল, হয়তো আমার স্বামী চলে গেল বলেই টানা ছয়টি গেম জিতলাম!’ হয়তো কাকতালীয়, তবে এটাকেই এখন বলতে পারেন লির ক্যারিয়ারের প্রতীকী চিত্র। এই যে প্রথম চীনা হিসেবে উঠে গেলেন রোলা গাঁরোর কোয়ার্টার ফাইনালে, এটা তো স্বামীকে দূরে ঠেলেই!ক্যারিয়ারজুড়ে জিয়াংই ছিলেন তাঁর কোচ। জিয়াংয়ের কোচিংয়েই গড়েছেন একের পর এক ইতিহাস। প্রথম চীনা মেয়ে হিসেবে ডব্লুটিএ টুর্নামেন্ট জিতেছেন ২০০৪ সালে, গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা একমাত্র চীনাও তিনি, সব কটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল খেলার কৃতিত্বও নেই চীনের আর কারও। সাফল্যের যুগলবন্দীটাকে দীর্ঘস্থায়ী করতেই যেন কোর্টের বাইরে জীবনকে একসঙ্গে জুড়লেন দুজন, বিয়ে করলেন ২০০৬ সালে। সবকিছু ভালোই চলছিল। ঝামেলার শুরু এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারার পর থেকে। হারের বলয় থেকে বেরই হতে পারছিলেন না। অনেক ভেবেচিন্তে, ক্যারিয়ারের স্বার্থে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। স্বামীকে সরিয়ে কোচ করলেন ডেনমার্কের মাইকেল মর্টেনসেনকে। আবার জয়ের দেখা মিলল। আজ ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারালে উঠে যাবেন শেষ চারে।কোচ বদলানোর সিদ্ধান্ত নিয়ে নিজের কাছে একদমই পরিষ্কার লি, ‘কোর্ট, কোর্টের বাইরে সব সময়ই আমরা ছিলাম একসঙ্গে, বলতে গেলে ২৪ ঘণ্টাই। এ জন্যই আমাদের একটা ব্রেকের প্রয়োজন ছিল। তা ছাড়া পারফরম্যান্স পড়ে যাওয়ার পর একটু পরিবর্তনেরও প্রয়োজন ছিল। এ জন্যই মাইকেলকে বলেছি আমাকে সাহায্য করতে। আমার স্বামী এখন তাই আমার হিটিং পার্টনার।’সে যা-ই হোক, সাফল্যের আরেকটা সূত্র কিন্তু লি পেয়েই গেলেন। খারাপ করতে থাকলেই বলে উঠবেন, ‘জিয়াং, গ্যালারি ছাড়ো।’ জিয়াং অবশ্য তাতে খুব একটা মনঃক্ষুণ্ন হবেন বলে মনে হয় না! এএফপি।