লিউ শিয়াংয়ের ফলস স্টার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিসকোয়ালিফায়েড’ শব্দটি যেন পিছু ছাড়ছে না লিউ শিয়াংয়ের। গত বছর দক্ষিণ কোরিয়ার দেগুতে অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১০ মিটার হার্ডলসে তাঁকে ফেলে দিয়ে ডিসকোয়ালিফায়েড হয়েছিলেন ডেরন রবলেস। সোনা জিতেও তাই সেটি গলায় পরতে পারেননি কিউবান হার্ডলার। পরশু সুইডেনের স্টকহোম মিটে নিজেই ডিসকোয়ালিফায়েড হয়েছেন লিউ শিয়াং। কাউকে ধাক্কা দিয়ে নয়, আগেভাগেই দৌড় শুরু করে অযোগ্য হয়েছেন ২০০৪ অলিম্পিকের চ্যাম্পিয়ন। আর এই সুযোগে জিতে গেছেন রবলেস। এই দুই ঘটনার মাঝে গত সপ্তাহে বার্মিংহাম ইনডোরে দেখা হয়েছিল দুজনের। সেখানে কোনো অঘটন ছাড়াই শেষ হওয়া ৬০ মিটার হার্ডলসে জিতেছিলেন লিউ। ২০০৮ বেইজিং অলিম্পিকে চীনের আশার প্রতীক ছিলেন লিউ। কিন্তু নিজে কেঁদে ও পুরো চীনকে স্তব্ধ করে প্রথম রাউন্ডের হিটেই শেষ হয়ে যায় লিউর দৌড়। না হারেননি তিনি, চোটের কারণে দৌড়ই যে শুরু করতে পারেননি! সেখানেও ‘ডিসকোয়ালিফায়েড’ শব্দটা ছিল। ফলস স্টার্ট করে আরেক প্রতিযোগী ডিসকোয়ালিফায়েড হওয়ার পরই তো দেখা গেল কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন লিউ শিয়াং। রয়টার্স।