লিউ শিয়াংয়ের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বাংলা রেডিওতে কাজ করেন উই চাই। চীনা তরুণ বাংলায় বললেন, ‘লিউ শিয়াং কেমন জনপ্রিয় চীনে, দেখলেন তো!’শুধু দেখা নয়, মুগ্ধতাও সঙ্গে রইল। লিউ শিয়াংকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে স্টেডিয়াম-ভর্তি জনতা। লিউ যে তাদের প্রত্যাশাটা ঠিক ঠিক মিটিয়ে দিয়েছেন। ১৩.০৯ সেকেন্ড সময় নিয়ে ১১০ মিটার হার্ডলসের সোনা জিতলেন চীনের সবচেয়ে বড় ক্রীড়া তারকা। ১৩.৩৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া শি ডংপেংও চীনের ছেলে। দর্শকদের গগনবিদারী হর্ষধ্বনির মধ্যে লিউ আর শি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে চক্কর দিলেন স্টেডিয়ামে। এশিয়ান গেমস হার্ডলসে এটি লিউয়ের টানা তৃতীয় সোনা। যে সোনা বেইজিং অলিম্পিকের হতাশা ভুলে লিউয়ের ফিরে আসার বার্তাও ঘোষণা করল। ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনা জিতেছিলেন সে সময়ের ২১ বছর বয়সী সাংহাইয়ের তরুণ। কিন্তু চোট পেয়ে ছিটকে পড়েন ২০০৮ বেইজিং অলিম্পিকের হিট থেকেই। গোটা চীন হতাশায় ডুবে যায়। দেশের মাটিতে স্বদেশিদের উচ্ছ্বাস-আনন্দে ভাসিয়ে দেওয়ার আরেকটি উপলক্ষ পেয়ে সেটি ভালোভাবেই কাজে লাগালেন লিউ। চীনে ক্রীড়া তারকার অভাব নেই, তার পরও লিউ শিয়াং নামে সবাই পাগল। কাল লিউ শিয়াংয়ের ইভেন্টকে ঘিরে গুয়াংজুতে উন্মাদনা দেখে মনে হলো, পুরো চীনই বোধ হয় তাকিয়ে আছে লিউয়ের দিকে। জয়ের পর ফ্লাডলাইটের উজ্জ্বল আলোয় আরও উজ্জ্বল লাগছিল লিউয়ের মুখের হাসি। দৌড় শেষ করে কিছুক্ষণ আনন্দ-উল্লাস। তারপর ক্যামেরার সামনে পোজ। একটা সময় চীনা টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে কী কী বললেন বোঝা গেল না। ‘বেইজিংয়ের হতাশা কিছুটা মুছতে পারায় আমি খুশি’—হয়তো এটাই। বড় তারকারা হতাশা মুছে ঘুরে দাঁড়াতে পারেন, এ জন্যই তাঁরা বড়।